চালু হয়ে গেল শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টাল! ট্রান্সফারের আবেদনের নিয়ম জানুন

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৪ বছরের অপেক্ষার অবসান। ১ জুলাই থেকে ফের চালু হল উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal)। এর ফলে আবারও অনলাইনে বদলির আবেদন জানাতে পারবেন রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তে চওড়া হয়েছে তাঁদের মুখের হাসি।
উৎসশ্রী পোর্টালে কবে থেকে বদলির আবেদন জানানো যাবে? | (Utsashree Portal)
বুধবার স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন নেওয়া বন্ধ ছিল। পরবর্তীতে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য এই প্রক্রিয়া আরও বেশ কিছুদিন বন্ধ রাখা হয়। বুধবার থেকে ফের আগের নিয়মে সব ধরণের ট্রান্সফারের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হল।
আরও পড়ুনঃ মাসে মাসে বিনামূল্যে রেশন! পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় যোগ্যতা থেকে আবেদন সব জানুন
জানা গিয়েছে, প্রচলিত আইন, সরকারি নিয়ম ও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (জেনারেল ট্রান্সফার, ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ড অ্যান্ড রিঅ্যালোকেশন) রুলস, ২০১৫ মেনে প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়ম অনুসারে রাজ্যের যে সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির যোগ্য, শুধুমাত্র তাঁরাই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছিল তৎকালীন রাজ্য সরকার। পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় এই মেয়াদ বাড়ানো হয়। ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে জটিলতা বজায় ছিল। অবশেষে আজ থেকে সেই জটিলতা কাটল।
বর্তমান রাজ্য সরকার উৎসশ্রী পোর্টালের উপর থাকা আগের সকল স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ফলে আজ থেকে ফের চালু হয়ে গিয়েছে এই পোর্টাল। এদিন থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।



