এক ফোনেই সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ! কাটমানি-দুর্নীতি রুখতে টোল-ফ্রি হেল্পলাইন চালু শুভেন্দুর

AK Bangla Desk: রাজ্যে কাটমানি ও সিন্ডিকেটরাজ সম্পূর্ণ নির্মূল করতে আরও একধাপ এগিয়ে ‘জিরো টলারেন্স’ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে পঞ্চায়েত ও নিয়োগ, প্রায় সর্বত্রই দুর্নীতি ও কাটমানি কালচারের অভিযোগ ওঠে। একের পর এক প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতা বর্তমানে শ্রীঘরে বন্দি। এমনকি সম্প্রতি ক্যাগ (CAG) রিপোর্টেও রাজ্য প্রশাসনের একাধিক আর্থিক বেনিয়মের খতিয়ান উঠে আসার পর থেকেই সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়। এই আবহে এবার সাধারণ মানুষের হাত মজবুত করতে এবং রাজ্যের ভাবমূর্তি ফেরাতে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকারের নতুন প্রশাসন।
মঙ্গলবার ভবানী ভবন থেকে চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে দিন বা রাতের যেকোনো সময় সাধারণ মানুষ সরাসরি এক ফোনেই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫৫৩৩৪ নম্বরটি। আবার নির্মাণ সামগ্রী, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ ঠেকাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৫ নম্বরে। এ ছাড়া রাস্তায় বেআইনি টোল আদায় বা ট্যাক্স নেওয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৫৫ ৩৩৩৭ এবং রাজ্যে বেআইনি মদের কারবার রুখতে ১৫৫৩৩৩৯ নম্বরটি চালু করা হয়েছে। প্রশাসনের আশ্বাস, এই হেল্পলাইনে আসা সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
দুর্নীতি দমনের পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনের পরিকাঠামো আমূল বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এদিন ভবানী ভবনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশি ব্যবস্থাকে শক্তিশালী করতে শীঘ্রই ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত ‘উত্তরপ্রদেশ মডেল’ অনুসরণ করে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি নারী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মহিলা পুলিশ কর্মীদের সুবিধার্থে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মহিলা পুলিশ কর্মীদের নিজ নিজ বাড়ির কাছের থানাতেই পোস্টিং দেওয়া হবে। সব মিলিয়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে ও রাজ্যের কর্মসংস্থান ত্বরান্বিত করতেই যে রাজ্য সরকারের এই মেগা মাস্টারস্ট্রোক, তা বলাই বাহুল্য।



