0%

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের বকেয়া মেটাতে এফডি ভাঙার প্রস্তাব কল্যাণের, আটকাল প্রফুল প্যাটেলের আপত্তিতে

ব্রাজিল-উরুগুয়ে-পানামা ম্যাচের বকেয়া খরচ মেটাতে ফেডারেশনের (AIFF) ‘ফিক্সড ডিপোজিট’ ভাঙা নিয়ে সভাপতি কল্যাণ চৌবের প্রস্তাব আটকে দিলেন ফেডারেশনের স্পেশ্যাল জেনারেল বডির সদস্যরা। পাশাপাশি এদিন এই সভায় ঠিক হল, ৪ নভেম্বরের পর নির্বাচন হলে আইএফএ আদৌ ফেডারেশন নির্বাচনে ভোট দিতে পারবে কি না কিংবা আইএফএ-র কোনও প্রতিনিধি ফেডারেশনের কমিটি আসতে পারবেন কি না, ঠিক করবেন ফেডারেশনের রিটার্নিং অফিসার।

এদিন অনলাইনে ফেডারেশনের স্পেশ্যাল জেনারেল বডির মিটিংয়ে বেশি সময় ব্যয় হল ব্রাজিল-পানামা-উরুগুয়ে ম্যাচের বকেয়া মেটানোর পরিকল্পনা নিয়ে। এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন, ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও। যিনি নিজে এই ইস্যুতে মুখ খোলেন।

এদিনের সভায় ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানান, তিনটে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে ভারতের জনমানসে কতটা প্রভাব ফেলেছে। সংবাদমাধ্যম কতটা সদর্থক ভাবে তিনটে ম্যাচ নিয়ে প্রচার করেছে। ফলে আন্তর্জাতিক ম্যাচগুলির খরচ মেটাতে আপাতত ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভেঙে খরচ চালালে, পরে তা ফিরিয়ে দেওয়া যাবে।

এরপরেই প্রফুল প্যাটেল বলেন, ভারতীয় ফুটবল ফেডারেশন খুবই ভালো কাজ করেছে তিনটে ম্যাচ আয়োজন করে। তার জন্য ফেডারেশন আর্থিকভাবে খারাপ জায়গায় যেতে পারে না। আর ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললে এই টাকা কীভাবে ফেরানো সম্ভব হবে? ম্যাচ হয়ে যাওয়ার পর কীভাবে নতুন করে স্পনসর পাওয়া সম্ভব হবে?

সঙ্গে সঙ্গে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন হ্যারিশ জানান, অনেক আগে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল, কোনওভাবেই ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে না। কল্যাণ জানান, ব্রাজিল ম্যাচ নিয়ে এরকম কোনও সিদ্ধান্ত হয়নি কার্যকরী কমিটিতে। সিদ্ধান্ত হয়েছিল অনেক আগে। তখন প্রফুল জানান, অনেক আগে হলেও ফেডারেশনের কার্যনির্বহী কমিটিতে যখন একবার সিদ্ধান্ত হয়েছে, ফিক্সড ডিপোজিট ভাঙা সম্ভব নয়। তখন সেটাই সিদ্ধান্ত। আলাদা করে আর ব্রাজিলে ম্যাচের জন্য নিয়ম করা যায় না।

এরই মধ্যে ফেডারেশনের এক সিনিয়র কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ব্রাজিল-পানামা-উরুগুয়ে ম্যাচের আয়-ব্যয়ের হিসাব জানতে চান। কল্যাণ চৌবে জানান, জেনারেল বডির সদস্যদের সামনে তিনটে ম্যাচের পূর্ণাঙ্গ তথ্য জানাবেন না। তখন কার্যনির্বাহী কমিটির এক সিনিয়র সদস্য কল্যাণকে উদ্দেশ্য করে বলেন, “এই সব সদস্যই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পাশাপাশি গত চারবছর ধরে সবরকম ভাবে আপনাকে সাহায্য করেছেন। তাহলে এই সদস্যদের সামনে পুরো হিসাব তুলে ধরতে অসুবিধে কোথায়? তখন ঠিক হয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন হ্যারিশের নেতৃত্বে দশ সদস্যর এক কমিটি তৈরি করা হবে। সেই কমিটির সামনে ব্রাজিল-উরুগুয়ে-পানামা ম্যাচ নিয়ে যাবতীয় হিসাব তুলে ধরবেন।

এরপরই আইএফএ-র তরফে সুব্রত দত্ত জানান, ৪ নভেম্বরের মধ্যে যেহেতু আইএফএ নির্বাচন করতে পারছে না। তাহলে ফেডারেশনের নির্বাচনে আইএফএ-র ভূমিকা কী হবে? ঠিক হয়, ফেডারেশনের নির্বাচনে যিনি ‘রিটার্নিং অফিসার হবেন। তিনিই ঠিক করবেন, ফেডারেশনের নির্বাচনে আইএফএ-র কোনও প্রতিনিধি আদৌ আর ভোট দিতে পারবেন কি না। আইএফএ থেকে কোনও প্রতিনিধি ফেডারেশনের নতুন কমিটিতেও জায়গা পাবে কি না, সেটাও ঠিক করবেন রিটার্নিং অফিসার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker