বৃষ্টির মধ্যেই খেলা চালানোর চেষ্টা আম্পায়ারদের! রেগে কাঁই কোহলিরা, ভাইরাল ভিডিও

বৃষ্টির জন্য বারবার বন্ধ হচ্ছিল খেলা। দ্বিতীয়বার বৃষ্টি নামার পরেও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন আম্পায়ারেরা। তাতেই আপত্তি ভারতের দুই ব্যাটার বিরাট কোহলি এবং শুভমান গিলের। এমনকী দুই তারকা আম্পায়রদের উপরেও রেগে কাঁই হয়ে গিয়েছিলেন। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।
প্রথম ওয়ানডেতে ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। ১১তম ওভারে প্রথমবার বৃষ্টি নামে। তখন ভারতের স্কোর ১ উইকেটে ৫৪। কোহলি ২৯ এবং শুভমান ১৭ রানে অপরাজিত ছিলেন। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ১৬৭ রান। কিন্তু কয়েকটি বল খেলার পরেই ফের বৃষ্টি শুরু হয়।
It’s started raining again 😞 Shubman Gill saying umpire to stop match as he can’t see the ball but umpire wants him to continue. https://t.co/PMtWN3FVc9
— BackToLobby (@_backtolobby) November 4, 2026
এবার অবশ্য খেলা বন্ধ করতে তাড়াহুড়ো করতে চাননি আম্পায়ারেরা। তাঁদের লক্ষ্য ছিল ১২তম ওভারটি শেষ করা। কিন্তু পরিস্থিতি দেখে একেবারেই রাজি ছিলেন না কোহলি ও শুভমান। ওভারের শেষ বলের আগে আম্পায়ার পল রাইফেলের উদ্দেশে কোহলি বলেন, “সাইটস্ক্রিনের দিকে একবার তো তাকান। বল দেখতেই পাচ্ছি না।” কথার পাশাপাশি অদ্ভুত ভঙ্গিতে নিজের আপত্তি প্রকাশ করেন ‘কিং’। অন্যদিকে, স্কোয়্যার লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় শুভমানকে। কিন্তু দুই আম্পায়ারই তখন খেলা চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কিউয়ি বোলার ব্লেয়ার টিকনার জামা দিয়ে মাথা ঢেকে ফেলেন। তবুও বল করার জন্য তৈরি হন তিনি। শুভমানও ব্যাট করার প্রস্তুতি নেন। ১২তম ওভারের শেষ বলটি হওয়ার পরেই অবশ্য খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা। এর পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে খেলা। এরপর আরও আগ্রাসী মেজাজে নামেন কোহলি। ৫১ বলে ৭৪ রানে থামেন তিনি। তাঁর ইনিংস সাজানো ১৩ চার, একটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ২২.৪ ওভারে ৫ উইকেটে জয়ের রান তোলে ভারত। জয়ের পাশাপাশি বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়ার আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও আলোচনা শুরু হয়েছে।
Virat Kohli is searching for his pin of his watch https://t.co/it8eY7Wxkm
— BackToLobby (@_backtolobby) November 4, 2026
পাশাপাশি ভাইরাল হয়েছে আরও এক মজার ঘটনা। ভারতের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। নেথান স্মিথের বল এসে লাগে কোহলির হাতঘড়িতে। তাতেই খুলে যায় ঘড়ির বেল্ট। ঘড়িটি তুলে নিলেও ফের পরতে গিয়ে বিপাকে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক। খুঁজে পাচ্ছিলেন না বেল্টের পিনটি। মাঠের মধ্যে বেশ কিছুক্ষণ তা খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন আম্পায়ার। তিনিই কোহলির হাতে তুলে দেন হারিয়ে যাওয়া পিন। তা ফিরে পেয়ে স্বস্তির হাসি চেপে রাখতে পারেননি বিরাট। গ্যালারির দিকে তাকিয়ে ইশারা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। নেটিজেনরা বলছেন, এতে নিশ্চয়ই মান ভাঙবে বিরাটের।
শেয়ার
লিংক



