0%

রাজ্যের মৎসজীবীদের উন্নয়নে জোর! আর্থিক লাভ বাড়াতে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: বাংলার জনপ্রিয়তম পর্যটনকেন্দ্র তথা সৈকত নগরী দিঘা সহ সমগ্র উপকূলবর্তী এলাকার উন্নয়নে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি মৎসজীবীদের উন্নয়নেও আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। মৎসজীবীদের আর্থিক ক্ষতি রোধে এবার নতুন পরিকল্পনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার দিঘায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান তিনি।

মৎসজীবীদের উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী জানান, শঙ্করপুর সহ উপকূলের তিনটি এলাকায় হিমঘর, ফিশিং হারবার ও মাছ সংরক্ষণের পরিকাঠামো তৈরির প্রয়োজনীয়তা আছে। মাছ ধরার পর তা বাছাই, সংরক্ষণ ও বাজারজাত করার যথাযথ বন্দোবস্ত না থাকলে মৎসজীবীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সেই সমস্যার সমাধান করতেই উদ্যোগী রাজ্য।

শুভেন্দু বলেন, শঙ্করপুর, বেটুয়া ও সৌলাটায় মৎসজীবীদের সুবিধার্থে বিশেষ পরিকাঠামো গড়ে তুলতে হবে। ওই তিন জায়গায় মোহনায় মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদে ভেড়ানোর ব্যবস্থা, হিমঘর নির্মাণ ও মৎসজীবীদের বিপদের হাত থেকে বাঁচাতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হবে।

আরও পড়ুনঃ দিঘায় হোমস্টে খুলতে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান কারা পাবেন, জেনে নিন শর্ত

মুখ্যমন্ত্রী জানান, মাছ ধরার পর সেগুলি বাছাই ও সংরক্ষণ যাতে করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শুঁটকি মাছের ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, জুনপুট থেকে ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে প্রচুর পরিমাণ শুকনো মাছ সরবরাহ করা হয়। বিকশিত ভারত কর্মসূচির অধীন মাছ শুকাতে বিশেষ শেড নির্মাণের একটি উপাদান রয়েছে বলে জানান তিনি।

এছাড়া শুভেন্দু বলেন, দিঘায় হাই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎসজীবীদের সঙ্গে যোগাযোগের জন্য এই বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দিঘা সহ উপকূলবর্তী এলাকার পর্যটন সহ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি মৎসজীবীদের আর্থিক ক্ষতি রুখে লাভ বাড়ানোর উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই দিঘায় দাঁড়িয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker