0%

ড্রাজিচের মাথায় সাত সেলাই, শিল্ড জয়ের পর এবার আইএসএলের প্রস্তুতিতে মোহনবাগান

কলকাতা লিগের পর আইএফএ শিল্ড। বৃহস্পতিবার মরশুমের দ্বিতীয় ট্রফি জিতেছে মোহনবাগান। সঙ্গে শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালের বদলাও সম্পূর্ণ করেছে সবুজ-মেরুন শিবির। তবে বৃহস্পতিবার রাতেই নতুন লক্ষ্য নিয়ে ভাবনা শুরু করেছে মোহনবাগান।

এবার লক্ষ্য আইএসএল।

গত মরশুমে দেশের সর্বোচ্চ লিগে সমান পয়েন্ট নিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থাকায় রানার্স হতে হয়েছে তাদের। এবার মরশুমের শুরুটা বিশেষ ভালো হয়নি। বিশেষত ডুরান্ড ফাইনালে দলের পারফরম্যান্স প্রশ্ন তুলে দিয়েছিল নতুন কোচ প্যানাজিওটিস দিলমপেরিসকে নিয়ে। তবে শিল্ড ফাইনালের পর আর কোনও যদি-কিন্তু নেই গ্রিক হেডস্যরকে নিয়ে। আর আইএসএল শুরুর ঠিক আগে ডার্বি জয় একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে দলের আত্মবিশ্বাস। সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লিগে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। শনিবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে সবুজ-মেরুন। এমনিতে ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন ছাড়া দলে তেমন চোট-সমস্যা নেই। তবে শিল্ড ফাইনালে চোট পেয়েছেন ডেজান ড্রাজিচ। তাঁর মাথায় সাতটা সেলাই পড়েছে। সার্বিয়ান তারকার নর্থ-ইস্ট ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দু’দিন অনুশীলনে তাঁকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ। রবিবার দুপুরে গুয়াহাটি যাচ্ছে মোহনবাগান।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker