0%

দেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের প্রশংসা মোদির, ‘সানডেজ অন সাইকেল’-এর ১০০তম সংস্করণ সম্পন্ন

 

 

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: ফিটনেস ও ক্রীড়াক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনের অধীনে শুরু হওয়া ‘সানডেজ অন সাইকেল’ উদ্যোগের ১০০টি সংস্করণ সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়দের সাম্প্রতিক সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

 

রবিবার নিজের মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর পরামর্শ দেন। তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচি একটিও রবিবার বাদ না দিয়ে ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি স্থানে ৩৭ লক্ষের বেশি মানুষ এই উদ্যোগে অংশ নিয়েছেন।

 

প্রধানমন্ত্রী আরও জানান, পুনেতে ২০৩২ সালের ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।

 

এদিন দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্যের কথাও তুলে ধরেন মোদি। ফুটবলে ভারতীয় দল রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেনের জার্মানি ও জাপানে পরপর সুপার ৫০০ খেতাব জয়ের প্রশংসা করেন। লক্ষ্য সেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কুমামোটো মাস্টার্স জয় করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

 

ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর হাইলো ওপেন জয়ের কথাও উল্লেখ করেন তিনি।

 

আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর তেলেঙ্গানার ছয়টি শহরে অষ্টম ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের তরুণ ক্রীড়াবিদদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খেলতে থাকো এবং নিজেদের প্রতিভার বিকাশ ঘটাও।

 

শীতের মরশুমে শরীরের যত্ন নেওয়ার বিষয়েও দেশবাসীকে সচেতন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আবহাওয়ার পরিবর্তন হলেও নিয়মিত শরীরচর্চা বন্ধ করা উচিত নয়। ফিট ইন্ডিয়া আন্দোলনকে আরও উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

খাদ্যাভ্যাসের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তেল ব্যবহারের পরিমাণ ১০ শতাংশ কমানোর পরামর্শ পুনরায় স্মরণ করিয়ে দেন। তাঁর কথায়, স্থূলতা দেশের সামনে একটি বড় চ্যালেঞ্জ। এর ফলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

মন কি বাতের ১৪০তম পর্বের শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে নিজেদের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি ফিটনেসকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানান। আইএএনএস সূত্রে এই খবর জানা গিয়েছে।

_________

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker