মানবিক মমতা, সভা থামিয়ে অসুস্থ মহিলার পাশে মুখ্যমন্ত্রী, চেক করলেন পালস

বাংলা হান্ট ডেস্ক : আগামী ২৯ এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন (Assembly Election)। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই জোরকদমে চলছে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা সেরে এবার কলকাতায় প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর এই সভাতেই ঘটে যায় মানবিক ঘটনা।
সভায় জনদরদী মমতা (Mamata Banerjee)
সোমবার সন্ধ্যায় বেহালায় সভা করছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ করছিলেন তিনি। ঠিক সেই সময় হঠাৎই নিজের বক্তব্য মাঝপথে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। দূর থেকে তিনি লক্ষ্য করেন, সভায় উপস্থিত এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে খোঁজখবর নিতে শুরু করেন মমতা। তিনি জানতে চান, ওই মহিলা জল খেয়েছেন কি না এবং তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত নির্দেশ দেন, তাঁকে যেন অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি নিজের গাড়ি ব্যবহার করার নির্দেশ দেন তিনি। মমতা বলেন, “আমার গাড়িতে করে ওঁকে হাসপাতালে নিয়ে যান। উনি না যাওয়া পর্যন্ত আমি বক্তৃতা শুরু করব না।” এরপর নিজেই মঞ্চ থেকে নেমে অসুস্থ মহিলার কাছে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : দ্বিতীয় দফা ভোটের আগে, কলকাতার রাস্তায় কড়াকড়ি, কোথায় বন্ধ থাকবে রাস্তা জেনে নিন
মুখ্যমন্ত্রী ওই মহিলার পালস চেক করেন। পালস দেখে প্রাথমিকভাবে অনুমান করেন, রক্তচাপ কমে যাওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র গরমই এই অবস্থার কারণ হতে পারে বলে মনে করেন তিনি। এরপর দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাজনৈতিক মঞ্চে বক্তব্যের মাঝেই মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের উত্তাপের মধ্যেও তাঁর এই আচরণ উপস্থিত জনতার মধ্যে প্রশংসা কুড়িয়েছে।



