সরকার বদলেই কাটল জট, কবে থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে এগোতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্যের জটে আটকে ছিল মেট্রোর (Kolkata Metro) কাজ। জল গড়িয়েছিল আদালতেও। অবশেষে রাজ্যে সরকার বদল হতে কাটল জট। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব নিয়েই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজ
অগ্নিমিত্রা আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুত চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। এই কাজের জন্য যান নিয়ন্ত্রণ করতে রাজি হয়েছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, মে মাসের দুটি সপ্তাহান্তে যান নিয়ন্ত্রণ করতে রাজি হয়েছিল কলকাতা পুলিশ। আগামী ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রোর কাজ।

দীর্ঘদিন ধরে আটকে ছিল কাজ: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগে জানিয়েছিলেন, পূর্বতন রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই কলকাতায় মেট্রো সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। অবশেষে এবার কাটতে চলেছে মেট্রো জট।
আরও পড়ুন : ‘হাইলি কনফিডেনশিয়াল’, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
কবে থেকে শুরু কাজ: জানা গিয়েছে, আগামী ১৫ মে থেকে শুরু হবে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার কাজ। ৫-১৮ মে এবং ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চলবে চিংড়িঘাটার কাজ। এতদিন পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের অনুমতি পাওয়া যাচ্ছিল না। মূলত বাইপাসে যানবাহনের চাপের জন্যই এই রাস্তায় যান নিয়ন্ত্রণ কঠিন বলে জানিয়েছিল পুলিশ।
আরও পড়ুন : উত্তরবঙ্গের জন্য বিরাট উপহার, ৯ টি প্রকল্পের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ রেলের
নতুন দফতরের দায়িত্ব হাতে নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, খুব বড় দফতর, অনেক কিছু করার আছে। এই মন্ত্রকের আওতায় ১২১ টি মিউনিসিপ্যালিটি, ৭ টি কর্পোরেশন এবং ৩ টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘরে ঘরে শৌচালয়, প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করা হবে। গঙ্গার সৌন্দর্যায়নের দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।



