0%

সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত

ভারত: ৩ (পেয়ারি জাজা, সানফিদা, লিন্ডা কম)
বাংলাদেশ: ১ (ঋতুপর্ণা)

সাত বছরের অপেক্ষার অবসান। ফের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্লু টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ওপার বাংলার খেতাবের হ্যাটট্রিকের স্বপ্ন চুরমার করে দিলেন সঙ্গীতা-সানফিদারা। ফাইনালে ভারত জিতল ৩-১ গোলে।

এমনিতে সাফের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারতের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল-ফাইনালে নামার আগে একটি গোলও হজম করতে হয়নি সঙ্গীতা বাসফোরদের। ফাইনালে তাই কিছুটা ফেভারিট হিসাবেই নামে ভারত। তবে প্রথম আধ ঘণ্টা প্রায় সমানে সমানে টক্কর দেয় বাংলাদেশও। ম্যাচের প্রথম গোলটি টিম ইন্ডিয়া পায় ম্যাচের ৪২ মিনিটে। পেয়ারি জাজার গোলে এগিয়ে যায় ব্লু টাইগ্রেসরারা। যদিও প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে সমতা ফিরিয়ে ফেলে বাংলাদেশ। ঋতুপর্ণা গোল করে সমতা ফেরান ওপার বাংলার হয়ে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করেছে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতিয়ার্ধে মাত্র ৪৮ সেকেন্ডে গোল আসে ভারতের ঝুলিতে। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে জড়ান সানফিদা। সেই গোলের পর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারত। আর তৃতীয় গোলটি কার্যত বাংলাদেশের শেষ আশা ভেঙে দেয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে শিরোপা ঘরে তোলে ভারত। তৃতীয় গোলটি ৮২ মিনিটে করেন লিন্ডা কম।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েন সানফিদা। এরপর ছুটে গিয়ে ডাংমেই গ্রেসকে জড়িয়ে ধরেন তিনি। মাঠজুড়ে শুরু হয়ে যায় ভারতীয় ফুটবলারদের উল্লাস। সাত বছরে বাদে ফের সাফের শিরোপা ভারতের মেয়েদের মাথায়। মাঝে ২০২২ ও ২০২৪ সালে এই খেতাব জিতেছিল বাংলাদেশ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker