0%

Petrol Price News: কমবে এবার পেট্রোলের দাম? বড় ছাড়ের ঘোষণা কেন্দ্রের

নয়া দিল্লি: যুদ্ধের আবহে বিশ্ববাজারে অস্থিরতা থামছেই না। কখনও গ্যাসের দাম বাড়ছে, কখনও পেট্রোল-ডিজ়েলের। আগামীদিনে পেট্রোল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, এই আবহে জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, দিন কয়েক আগেই ই-৮৫ জ্বালানির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। যা পেট্রোল নির্ভরতা কমাবে, সাশ্রয় করবে, আর তুলনায় পেট্রোলের থেকেও সস্তা। এবার ইথানল মিশ্রিত পেট্রোলে আবগারি শুল্ক ছাড়ে বড় স্বস্তি পেতে পারেন মধ্যবিত্তরা, এমনই মত বিশেষজ্ঞদের।

ইথানল-ভিত্তিক পেট্রোল নিয়ে বড় ঘোষণা

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে ২২ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো পেট্রোলের উপর আর আবগারি শুল্ক লাগবে না। এই সিদ্ধান্তের ফলে E22, E25, E27 এবং E30 ধরনের জ্বালানিও এই ছাড়ের আওতায় আসবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে উচ্চমাত্রার ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়াতে সাহায্য করবে।

২০১৮ সালে জাতীয় জৈব জ্বালানি নীতি (National Policy on Biofuels) চালু হয়। পরে ২০২২ সালে সংশোধনের মাধ্যমে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য ২০৩০ সাল থেকে এগিয়ে এনে ২০২৫-২৬ অর্থবর্ষে নির্ধারণ করা হয়। সরকারি তেল বিপণন সংস্থাগুলি ২০২২ সালের জুনেই ১০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য পূরণ করে। এরপর ধারাবাহিকভাবে মিশ্রণের হার বেড়েছে।

২০২২-২৩ সালে: ১২.০৬ শতাংশ
২০২৩-২৪ সালে: ১৪.৬০ শতাংশ
২০২৪-২৫ সালে (২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত): ১৭.৯৮ শতাংশ

কেন গুরুত্বপূর্ণ ইথানল?

ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় অংশই বিদেশ থেকে আমদানি করে। ফলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা খরচ হয়। কেন্দ্রের মতে, ইথানলের ব্যবহার বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং দেশীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, দেশের প্রায় ৮৭ শতাংশ জীবাশ্ম জ্বালানি আমদানি করতে হয়। ইথানলভিত্তিক জ্বালানি একদিকে যেমন দূষণ কমাবে, অন্যদিকে আমদানির জন্য বিদেশে যাওয়া অর্থ দেশের মধ্যেই থাকবে এবং কৃষক, গ্রামীণ যুবক, শ্রমিক ও কৃষিক্ষেত্র লাভবান হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker