যে কোনও সময় গ্রেফতার করতে পারে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা মামলায় আরও অস্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূল নেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সিউড়ি জেলা আদালত। এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।
গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে অনুব্রত | (Anubrata Mondal)
তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক তৃণমূল নেতার কীর্তি সামনে আসছে। সম্প্রতি ২০২১ সালের এক নির্বাচন পরবর্তীর হিংসার ঘটনায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্টর নাম জড়ায়। অনুব্রত সহ মোট ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানান এক ব্যবসায়ী।
আরও পড়ুনঃ আর কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এরপরেই আগাম জামিনের আবেদন জানিয়ে সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হন অনুব্রত। তবে তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। ফলে আপাতত এই মামলায় তাঁকে গ্রেফতার করতে পুলিশের সামনে কোনও আইনি বাধা নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
এই পরিস্থিতিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। জানা গিয়েছে, শীঘ্রই উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে। সেক্ষেত্রে আদালত কেষ্টকে রক্ষাকবচ দেয় কিনা সেদিকে নজর থাকবে।
অন্যদিকে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছিলেন, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর অনুব্রতর নির্দেশে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটায় লুটপাট চালায়। বোমা-বন্দুকের ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল প্রাণ ভয়ে নিজের ব্যবসা ছেড়ে পালিয়েছিলেন তিনি।
২০২৬ বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর কেষ্ট সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান ওই ব্যবসায়ী। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করেছে নিম্ন আদালত। গ্রেফতারি এড়াতে এবার হাইকোর্টে ছুটেছেন তৃণমূল নেতা।



