ISRO Scientists Resignation: গগনযান আর সম্ভব হবে? ISRO-র চাকরি থেকে ইস্তফা শতাধিক বিজ্ঞানীর, খবর পেয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের

ইসরো কেন ছাড়ছেন বিজ্ঞানীরা?Image Credit: PTI
নয়া দিল্লি: প্রশ্নের মুখে গগনযানের (Gaganyan) স্বপ্ন! স্যাটেলাইট লঞ্চ থেকে শুরু করে ইসরোর (ISRO) একাধিক মহাকাশ অভিযান, প্রকল্প নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে। তাও আবার অদ্ভুত সঙ্কটের কারণে। দলে দলে ইসরোর চাকরি ছাড়ছেন বিজ্ঞানীরা (ISRO Scientists Resignation)। এর জেরেই ইসরোর বড় বড় প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরোর বিজ্ঞানীদের এই ইস্তফা, আগাম অবসর রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের।
ইসরোয় ইস্তফার হিড়িক-
ডিপার্টমেন্ট অব স্পেস (DoS) ইসরোর বিজ্ঞানীদের ইস্তফা নিয়ে কড়া নিয়ম চালু করেছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েক মাসে অন্তত ১০০ জন বিজ্ঞানী ইসরো থেকে ইস্তফা দিয়েছেন, নয়তো স্বেচ্ছাবসর নিয়ে নিয়েছেন। এরপরই ডিপার্টমেন্ট অব স্পেস অভ্যন্তরীণ স্মারকলিপি জমা দিয়েছে। স্বেচ্ছাবসর ও ইস্তফা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যে বিজ্ঞানীরা যুক্ত, তাদের ইস্তফা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম-
জানানো হয়েছে, গ্রুপ ‘ এ’-র বিজ্ঞানী ও টেকনিক্যাল কর্মীরা, যারা গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনে কাজ করছেন, তাদের স্বেচ্ছাবসর গ্রহণ করা হবে না। আগে ইসরোর বিভিন্ন সেন্টারের ডিরেক্টররা এই ধরনের আবেদনে অ্যাপ্রুভাল দিতেন। নতুন গাইডলাইন অনুযায়ী, এবার তাদের কাছ থেকে এই ক্ষমতা তুলে নেওয়া হচ্ছে। এবার থেকে কোনও বিজ্ঞানী যদি স্বেচ্ছাবসর নিতে চান, তাহলে ডিপার্টমেন্ট অব স্পেস স্তরে সেই আবেদনের বিস্তারিত স্ক্রুটিনি করা হবে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইসরোর গুরুত্বপূর্ণ মিশনে যাতে জরুরি বিজ্ঞানী ও আধিকারিকরা থাকেন, তাই জন্যই এই সিদ্ধান্ত।
ইসরোয় আগেও বিজ্ঞানীরা ইস্তফা দিতেন, কিন্তু সাম্প্রতিক ইস্তফার জেরে ইসরোর একাধিক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে গগনযান প্রোগ্রাম নিয়ে বিরাট সঙ্কট তৈরি হয়েছে। গগনযান নির্দিষ্ট সময়ে শুরু করা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
কোথায় যাচ্ছেন বিজ্ঞানীরা?
ইসরোর শতাধিক বিজ্ঞানীরা ইস্তফা দিয়ে কোথায় যাচ্ছেন, সেই বিষয়ে অফিসিয়াল বিবৃতি না পাওয়া গেলেও, সূত্রের খবর, একাধিক প্রাইভেট সেক্টর, স্টার্টআপ ও অ্যারোস্পেস কোম্পানিগুলিতে লিডারশিপ ও টেকনিক্যাল পোস্টে যোগ দিচ্ছেন।



