0%

বাবা ছিলেন ‘প্রাচীর’, ছেলে ‘ছক্কার মেশিন’, দ্রাবিড়পুত্র অন্বয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে থ ক্রিকেটভক্তরা

বাবা ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। ছেলে অবশ্য রক্ষণ নিয়ে অত চিন্তিত নন। তাঁর বরং ঝোঁক বেশি বল বাউন্ডারির বাইরে পাঠানোর। কথা হচ্ছে রাহুল দ্রাবিড় ও তাঁর ছেলে অন্বয়কে নিয়ে। বিনু মানকড় ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঝড় তুলে অন্বয় ৪১ বলে করলেন ৮৫। আর যে হারে বল বাউন্ডারির বাইরে পাঠাল, তাতে অনেকে দ্রাবিড়পুত্রকে ‘সিক্স মেশিন’ বলেও ডাকছেন।

কিছুদিন আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ পারফর্ম করেন অন্বয়। এরপর বয়সভিত্তিক এশিয়া কাপের দলেও ডাক পেতে পারেন। আর এদিন যা পারফর্ম করলেন, তাতে সেই সম্ভাবনা আরও বাড়ছে। ওয়ানডে ফরম্যাটের বিনু মানকড় ট্রফিতে কর্নাটকের প্রতিপক্ষ দিল্লি। সেখানে প্রথমে ব্যাট করে কর্নাটক। চার নম্বরে নামে অন্বয়। ১৭ বছর বয়সি ক্রিকেটার বাবার মতো উইকেটকিপিংও করে।

তবে বাবা যেমন ভারতীয় দলের রক্ষণের শেষ ভরসা ছিলেন, ছেলে সেরকম নয়। শুরু থেকে ঝড় তুলতে ভালোবাসে। এদিন তাঁর ব্যাট থেকে আসে ৫টি ছক্কা। ৪১ বলে ৮৫ রানে অপরাজিত থাকে কর্নাটক অধিনায়ক। স্ট্রাইক রেট ২০৭। আর কর্নাটক তোলে ৪১৮ রান। জবাবে মাত্র ২২০ রানে অলআউট হয়ে যায় শেহওয়াগ-পুত্র আর্যবীরের দিল্লি। এমন নয় যে, শুধু এই ম্যাচেই ব্যাটে আগুন ছুটিয়েছে অন্বয়। আগের ম্যাচেই ছত্তিশগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকায়। ৬২ বলে করে ১০৪ রান। সেই ম্যাচেও ৫টি ছক্কা মেরেছিল।

যা দেখে অনেকেরই বক্তব্য, বাবার ব্যাটিংয়ের থেকে অন্বয়ের ধরন অনেকটাই আলাদা। সে অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে। সেই দলে ছিল অন্বয়। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker