লিওনেল মেসিকে হারিয়ে সর্বকালের সেরা, ব্যালন ডি’অর জিতে কী বললেন রোনাল্ডো?

লিওনেল মেসিকে হারিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অর ট্রফি জিতে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমর্থকদের ভোটে যে পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়েছে। এবং সেই অনন্য পুরস্কার জয়ের পর নিজের ভক্তকুলকেই ট্রফি উৎসর্গ করে দিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন ২০০৮-এ ব্যালন ডি’অর জিতেছিলেন সিআর সেভেন। সেই মরশুমটিই সর্বকালের সেরা ব্যালন ডি’অর নির্বাচিত করেছেন ফুটবলপ্রেমীরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআর সেভেন লেখেন, ‘ফুটবল নামক খেলাটা সমর্থকদের জন্য। গোটা বিশ্বে আমার যত সমর্থক রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। সর্বকালের ব্যালন ডি’অর ট্রফি আপনাদেরও।’ উল্লেখ্য, সর্বকালের ব্যালন ডি’অরের (ব্যালন ডি’অর অফ অল টাইম) জয়ী নির্ধারণ করতে সমর্থকদের আহ্বান করেছিলেন ব্যালন ডি’অরের আয়োজকরা। সেখানেই ২০১২ সালে বার্সেলোনা জার্সিতে লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়কে পিছনে ফেলে শীর্ষস্থান লাভ করেন রোনাল্ডো।
২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে প্রথম বার ব্যালন ডি’অর জিতেছিলেন সিআর সেভেন। যা সর্বকালের ব্যালন ডি’অর জয়ী নির্ধারণে এক নম্বর স্থান পায়। সেই মরশুম রীতিমতো সোনার গিয়েছিল রোনাল্ডোর। ইউনাইটেড জার্সিতে ২০০৮ সালে তিনি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ-দু’টোই জিতেছিলেন। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে সে বছর ৪২টি গোল করেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও সেবার হন তিনি। গোটা ফুটবলজীবনে সব মিলিয়ে পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো।
সর্বকালের ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণে মেসিকে রোনাল্ডো পিছনে ফেলে দিয়েছেন বটে। কিন্তু প্রথম বারোটা স্থানই তাঁরা দু’জন নিয়ে রেখেছেন। একাধিক ব্যালন ডি’অর জিতেছেন যাঁরা, তাঁদের নিয়ে এই প্রতিযোগিতা হয়েছিল। সেই তালিকায় সমর্থকদের ভোটে প্রথম বারোটা স্থান ভাগাভাগি করে নিয়েছেন রোনাল্ডো-মেসি। বাকিরা তাঁদের পরে। রোনাল্ডোর ২০০৮ সালের ব্যালন ডি’অর ৭৫ শতাংশ ভোট পেয়েছে। মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর ভোট পেয়েছে ৯ শতাংশ। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ২০১৭ সালে ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিলেন রোনাল্ডো। এই ব্যালন ডি’অর ৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
শেয়ার
লিংক



