0%

বিধানসভার মতো লোকসভাতেও দুই আসনে লড়াই! ২৯-এর ভোট নিয়ে বড় পরিকল্পনা জানালেন হুমায়ুন

SOBDIK NEWS: রেজিনগর উপনির্বাচনের সময় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ভাবনাও জানিয়েছিলেন। এরপর কয়েক মাস যেতে না যেতেই বড় ঘোষণা করলেন নওদার বিধায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২০২৯ সালের লোকসভা (Lok Sabha Election 2029) নির্বাচন নিয়ে বড় পরিকল্পনা জানালেন তিনি।

লোকসভা ভোটে মেগা পরিকল্পনা হুমায়ুনের | (Humayun Kabir)

রেজিনগর উপনির্বাচনের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসনের বিরুদ্ধে ‘অভিমান’ থেকে সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ুন। পাকাপাকিভাবে দুবাই চলে যাওয়ার পরিকল্পনাও জানান। তবে সেই ভাবনা আপাতত মুলতুবি বলে জানালেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওদার বিধায়ক বলেন, আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিধানসভায় যাবেন। এরপর সপ্তাহান্ত। ওইদিনই মুর্শিদাবাদে ফিরবেন।

আরও পড়ুনঃ বিমা ছাড়াই পাওয়া যাবে ক্ষতিপূরণ! চাষিদের সুবিধার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

হুমায়ুন জানান, রেজিনগর উপনির্বাচনে তাঁদের জোর করে হারানো হয়েছিল বলে তিনি মনে করেন। সেই জন্য তখন অভিমান ও কষ্ট হয়েছিল। তবে এখন সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, “আমার বিধানসভার লোকজন কাজ করার জন্য আমায় নির্বাচিত করেছেন। তাঁদের জন্য যা যা কাজ করার সেটা করব।“

পাশাপাশি নওদার বিধায়ক স্পষ্ট করে দেন, মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর অভিমান মিটে গিয়েছে। কাজের জন্য প্রয়োজনে শুভেন্দুর সঙ্গে দেখা করতে, কথা বলতেও দ্বিধা নেই। তিনি বলেন, “রাজ্য প্রশাসনের সর্বময় কর্তা, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তাঁকে এড়িয়ে তো কিছু করা যায় না।“

এরপরেই ২০২৯ লোকসভা ভোট নিয়ে নিজের মেগা পরিকল্পনা জানান আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। তিনি বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনের মতো আগামী লোকসভা ভোটেও তিনি জোড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হুমায়ুনের কথায়, “২০২৯ সালের লোকসভা ভোটে আমি নিজে বহরমপুর ও মুর্শিদাবাদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার অনেকদিনের ইচ্ছা। আসন পুনর্বিন্যাসে এদিক-ওদিক কিছু হলে আলাদা ব্যাপার। তবে তাও আমি এবারের বিধানসভা নির্বাচনের মতো আগামী লোকসভা ভোটেও দু’টি আসনে লড়ব।“

রেজিনগর উপনির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ুন কবীর। এরপর কিছু সময় যেতে না যেতেই সেই পরিকল্পনা মুলতুবি করে নতুন পরিকল্পনা জানালেন তিনি। রাজনীতি থেকে সন্ন্যাসের ভাবনা ছেড়ে আপাতত ২০২৯ লোকসভা ভোটকেই পাখির চোখ করছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker