0%

ভারতকে সহবত শেখাবে পাকিস্তান? ‘অসভ্যতা’র জন্য হর্ষিতের বিরুদ্ধে আইসিসিতে নালিশ নকভিদের

চালুনি বলে ছুঁচ তোর পিছে কেন ছ্যাঁদা! বাংলার প্রাচীন প্রবাদ। রাইজিং স্টার এশিয়া কাপে ভারতকে হারানোর পর পাকিস্তানের কার্যকলাপ পুরনো এই প্রবাদকেই মনে করাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের পেসার হর্ষিত রানার বিরুদ্ধে অসভ্যতার অভিযোগ করেছে। সরকারিভাবে আইসিসির কাছে নালিশ করছে পাক বোর্ড।

আসলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তার উপর দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ হলে উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। রবিবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’-র ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে। বল হাতে চেনা আগ্রাসী মেজাজে ধরা দেন হর্ষিত রানা।

পাকিস্তানের একের পর এক ব্যাটারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভারতের পেসার। ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। দুই ওপেনার শামিল হুসেন এবং মাজ সাদাকতের সামনে কিছুটা ফিকে মনে হয়েছিল ভারতীয় বোলারদের। ছ’ওভারেই ৬৪ রান তুলে ফেলে পাক দল। ম্যাচে ফিরতে দ্রুত উইকেট প্রয়োজন ছিল ভারতের। সেই পরিস্থিতিতে পালটা জবাব দেন রানা। প্রথম স্পেল থেকেই সাদাকতকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করতে থাকেন তিনি। এর আগে দুই ব্যাটারের কাছে কয়েকটি বাউন্ডারি হজম করেছিলেন ভারতীয় পেসার। তাতে তাঁর আগ্রাসনে ভাটা পড়েনি। এর পর রানার নিশানায় আসেন হুসেন। সপ্তম ওভারে তাঁর একটি স্লোয়ারে পরাস্ত হন বাঁ হাতি ব্যাটার। বড় শট খেলতে গিয়ে ব্যাটে বলে হয়নি শট। বল উইকেটকিপারের কাছে পৌঁছনোর আগেই অবশ্য মাটি স্পর্শ করে। সেই সুযোগে হুসেনকে লক্ষ্য করেও কিছু বলেন রানা। পরের ওভারেই সাজঘরে ফেরেন হুসেন। যদিও উইকেট পান আয়ুষ বাদোনি। ক্যাচ ধরেন রানা। শর্ট থার্ডে দাঁড়িয়ে হুসেনের ভুল শটে বল চলে যায় হর্ষিতের কাছে। সহজেই তালুবন্দি করেন তিনি। সঙ্গে সঙ্গে পাক ব্যাটারকে কড়া ভাবে ‘সি অফ’ করেন ২৪ বছর বয়সি পেসার। পরের ওভারেই রোহেল নাজিরকে এলবিডব্লিউ করেন রানা।

রানার ওই আচরণকে ‘অসভ্যতা’ বলে দাবি করছে পাক বোর্ড। ওই ম্যাচের বাংলাদেশের ম্যাচ রেফারি নাইম উর রশিদের কাছে নালিশ জানিয়েছেন পাক বোর্ডের কর্তারা। আর শুধু রানার বিরুদ্ধে নয়, আরও একাধিক ক্রিকেটারের পাক বোর্ড নালিশ জানিয়েছে। তাঁদের দাবি, ভারতীয়দের শাস্তি দিতে হবে। রবিবার মাঠে যেটা করা হয়েছে সেটা নাকি অসভ্যতা। প্রশ্ন উঠছে, হর্ষিতরা যদি অসভ্যতা করে থাকেন, একইভাবে জবাব তো দিয়েছেন পাক তারকারাও। তাঁদের তাহলে কী হবে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker