0%

পুরভোটের জট কাটল না, কলকাতার ওয়ার্ড মামলা ফের হাই কোর্টে পাঠাতে চায় সুপ্রিম কোর্ট

কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। বুধবার মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফের পাঠানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম…

কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। বুধবার মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফের পাঠানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে যাবতীয় আইনি ও তথ্যগত দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ পরবর্তী নির্দেশ দেবে। তত দিন কলকাতা পুরসভার ভোট স্থগিত রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বুধবার কোনও অন্তর্বর্তিকালীন নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর কলকাতা হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে। আগামী সোমবার, ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত সোমবার আদালতকে জানানো হবে। তাঁর আবেদনে সায় দিয়েছে শীর্ষ আদালত।

সম্প্রতি কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। হাওড়া পুরসভার ওয়ার্ডও ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল বিধানসভায় পাশ হয়েছে। এই পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে আপত্তি তুলে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর অভিযোগ, কলকাতার ওয়ার্ডের সীমানা নির্ধারণে আইন মানা হয়নি। হাওড়ার ক্ষেত্রেও একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে।

গত ৬ নভেম্বর কলকাতা পুরভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চে মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না বলে জানানো হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

আগের শুনানিতে তুষার মেহতা দাবি করেছিলেন, ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নয়, মূল আপত্তি সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। তাঁর বক্তব্য, আপত্তি জানানোর জন্য ১০ জন আধিকারিক নিয়োগ, ২৮৫টি শুনানির নোটিস এবং দু’দফায় মতামত জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। সর্বদল বৈঠকও হয়েছিল। তবে পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাজ্য সরকারের আইনি এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এখন সোমবারের শুনানিতেই স্পষ্ট হতে পারে মামলার পরবর্তী গতিপথ।

নভেম্বরের শেষেই শীতের দাপট? কলকাতার তাপমাত্রা নিয়ে বড় আপডেট

রাজ্যে হজ ভবন থাকলে গুরু নানক ভবন নয় কেন? ডানকুনিতে বড় ঘোষণা শুভেন্দুর

ভেন্টিলেশন থেকে বের করা হল রেখা পাত্রকে, এখন কেমন আছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker