0%

হেসনের জমানায় ব্রাত্য রিজওয়ান-ইমামরা! এবার কি বাদ বাবরও? বিস্ফোরক তথ্য ফাঁস

পাকিস্তান ক্রিকেটে কি শুরু হয়ে গেল নতুন যুগ? কোচ মাইক হেসনের জমানায় জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়তে পারেন শান মাসুদ, মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হকের মতো বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। হেসন যত দিন পাকিস্তানের প্রধান কোচ থাকবেন, তত দিন তাঁদের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কার্যত নেই বলেই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। প্রশ্ন হল, এবার কি বাদ বাবরও? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নাকি দলের পুনর্গঠনের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন নিউজিল্যান্ডে জন্মানো কোচের হাতে। 

প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব পেয়েই পাকিস্তান ক্রিকেটের পুরনো কাঠামোয় বদল আনতে শুরু করেছেন হেসন। তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন, এমন অভিজ্ঞ ক্রিকেটারদেরই ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন রিজওয়ান, মাসুদ, ইমাম এবং নোমান আলি। এর আগে নকভি জানিয়ে দিয়েছিলেন, হেডকোচ হিসাবে হেসনের কর্তৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। আরও জানা গিয়েছে, চুক্তির তালিকা থেকে বাদ পড়া সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও পিসিবিকে অবস্থান জানিয়ে দিয়েছেন হেসন। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন, ওই ক্রিকেটারেরা পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও প্রকাশ্যে হেসন জানান, কেন্দ্রীয় চুক্তি এবং দল নির্বাচনের বিষয় দু’টি সম্পূর্ণ আলাদা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও তাঁদের জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা নেই কোচের।

ইংল্যান্ড সফরের মাঝপথেই রিজওয়ান ও ইমামকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় পাকিস্তানের জাতীয় সাইবার অপরাধ দমন সংস্থাও তাঁদের বিরুদ্ধে তদন্ত চালায়। অন্যদিকে, টেস্টে একের পর এক ব্যর্থতার পরে মাসুদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে বাবর আজমের হাতে তুলে দেওয়া হয়। বাদ পড়েছেন তরুণ ক্রিকেটার সাইম আয়ুবও। যদিও পিসিবির দাবি, তিনি নিজেই বিরতি চেয়েছেন। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, হেসন তাঁকে জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফিরতে হলে আগে যোগ্যতা প্রমাণ করতে হবে।

পাকিস্তান ক্রিকেটের আমূল পরিবর্তন করতে চান পিসিবি কর্তারা। সেই কারণেই হেসনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ২০১৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকে বড় প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান। নকআউট পর্বে পৌঁছনোও ক্রমশ কঠিন হয়ে উঠেছে তাদের কাছে। এই পরিস্থিতিতে নতুন করে দল গড়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড। তবে এর মধ্যেও ব্যতিক্রম বাবর। গত চার বছরে টেস্টে সেঞ্চুরি না পেলেও হেসনের পূর্ণ সমর্থন রয়েছে তাঁর পাশে। সংবাদমাধ্যমের সামনে বারবার বাবরের হয়ে সওয়াল করেছেন কোচ। ফলে পাকিস্তান ক্রিকেটের নতুন পরিকল্পনায় আপাতত জায়গা ধরে রেখেছেন বাবরই। তবে অন্য অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য শিরে সংক্রান্তি। তাঁদের জাতীয় দলে ফেরার দরজা আপাতত বন্ধ বলেই দাবি ওই প্রতিবেদনে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker