ভারত-পাক ম্যাচে ক্রিকেটারদের ‘অসভ্যতা’ বন্ধ হোক! করমর্দনও ফেরাতে চান বিজেপি সাংসদ হরভজন

পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর উত্তর সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। গত বছর এশিয়া কাপের সময় থেকে প্রথাগত করমর্দন বন্ধ। খেলায় ন্যূনতম সৌহার্দ্য প্রদর্শন তো দূরস্থান, সামান্য স্ফুলিঙ্গেই পরিস্থিতি মাঝেমধ্যে হাতের বাইরে চলে যাচ্ছে। এবার এর শেষ দেখতে চান ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং।
ভাজ্জি আইসিসি-সহ দুই দেশের বোর্ডকে আহ্বান করেছেন, পদক্ষেপ করতে। যাতে এ জিনিস থামে। যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে লজ্জাজনক উদাহরণ না আর তৈরি হয়। সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারস ম্যাচে পাকিস্তান ‘এ’-র কাছে হেরে গিয়েছে ভারত ‘এ’। যার পর দু’টো টিমের ক্রিকেটারদেরই আচরণ অত্যন্ত নিকৃষ্ট ছিল বলে মনে করছেন হরভজন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘আইসিসির বিষয়টা দেখা উচিত। দুই দেশের বোর্ডেরও বিষয়টা নিয়ে এবার পদক্ষেপ করা উচিত। পাকিস্তান জেতার পর দু’টো টিমের প্লেয়ারদের যা আচরণ ছিল, সেটা মোটেও অভিপ্রেত নয়। পরের প্রজন্মের জন্য কি উদাহরণ সৃষ্টি করা হচ্ছে?’’
এশিয়া কাপ রাইজিং স্টারস ম্যাচে ভারত-পাকিস্তান যুদ্ধে পদে-পদে ধুন্ধুমার বেঁধেছে। প্রথমত, টসের সময় ভারত ‘এ’ অধিনায়ক তিলক বর্মা এবং পাকিস্তান ‘এ’ অধিনায়ক আব্দুল সামাদ করমর্দন করেননি। টসের ফল নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়। মাঠে আবার উত্তেজনা ছড়ায় হর্ষিত রানার সঙ্গে পাক ব্যাটারদের লেগে গেলে। দুই পাক ওপেনার শামিল হুসেন এবং মাজ সাদাকত আউট হওয়ার পর উত্তেজিত আচরণ করেন হর্ষিত। যার দ্বিতীয় পর্ব দেখা যায়, ভারতীয় ব্যাটিংয়ের সময় হর্ষিত আউট হতে।
তাৎপর্যপূর্ণভাবে হরভজন সিংয়ের একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি রাজ্যসভার সাংসদ। এবং বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত। আবার বিজেপি নেতারাই উগ্র জাতীয়তাবাদের দোহাই দিয়ে পাকিস্তানের সঙ্গে করমর্দনের বিরোধিতা করেন। হরভজন খানিকটা দলের নেতাদের উলটো সুরে কথা বললেন।
শেয়ার
লিংক



