পুলিশের সামনে কাউন্সিলরকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! বিষ্ণুপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

SOBDIK NEWS: পুলিশের সামনে এক তৃণমূল (TMC) কাউন্সিলরকে বেধড়ক মারধর ও বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ। বিষ্ণুপুরের এই ঘটনার জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি গড়িয়েছে। এবার এই ঘটনায় রাজ্য পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল আদালত।
বিষয়টিকে ‘গুরুতর অভিযোগ’ হিসেবে চিহ্নিত করেছে হাইকোর্ট | (Calcutta High Court)
অভিযোগ অনুযায়ী, কয়েকজন স্থানীয় দুষ্কৃতী ওই তৃণমূল কাউন্সিলরের উপর চড়াও হয়েছিল। তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। সম্পূর্ণ ঘটনা পুলিশের সামনেই ঘটেছে বলে দাবি।
এদিকে এই মারধর ও হেনস্থার জেরে বিষ্ণুপুরের ওই কাউন্সিলরের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। তাঁকে তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’দের জমা দিতে হবে আবেদনপত্র! টাকা পাইয়ে দিতে বড় উদ্যোগ বিধায়কের
পুলিশের সামনে একজন জনপ্রতিনিধিকে এভাবে মারধর ও বিবস্ত্র করার অভিযোগের বিষয়টিকে ‘গুরুতর অভিযোগ’ হিসেবে চিহ্নিত করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। সংশ্লিষ্ট থানার আইসিকে এই ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট জানতে চেয়েছে, এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে এবং এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। পাশাপাশি মামলাকারীর নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে আদালত। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, দরকার হলে মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য যথাযথ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
এই মামলার পরবর্তী শুনানি ২০২৭ সালের ৬ জানুয়ারি। সেদিন রাজ্য পুলিশের বিস্তারিত রিপোর্ট ও এই মামলার তদন্তের অগ্রগতি কতটা হল সেদিকে নজর থাকবে অনেকের।
এদিকে বিষ্ণুপুরের এই ঘটনা ঘিরে আগেই শোরগোল শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় রিট পিটিশন। এবার সেই ঘটনায় রাজ্য পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হল। পাশাপাশি মামলাকারীর নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বড় নির্দেশ দিয়েছে আদালত।



