Entertainment Latest Live News Updates: ঋত্বিকের বড় ছেলে হ্রেহানের সঙ্গীত জগতে পা

Entertainment Latest Live News Updates:
ঋত্বিক রোশন ও সুজান খানের বড় ছেলে হ্রেহান রোশন এবার স্বাধীন শিল্পী হিসেবে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করলেন। ২০ বছর বয়সেই নিজের প্রথম গান ‘দ্য হেভেনলি প্লেস’ প্রকাশ করেছেন তিনি। গানটি ইউটিউব, স্পটিফাই এবং ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। গায়ক, গীতিকার ও গিটারবাদক হিসেবে হ্রেহানের এই নতুন সফরে স্বাভাবিকভাবেই গর্বিত তাঁর পরিবার। ছেলের গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ঋত্বিক লিখেছেন, “তোমার মধ্যে জন্মগতভাবেই এক ধরনের প্রজ্ঞা রয়েছে। আমি সেটাকে ভীষণ বিশ্বাস করি। এটাই আমাকে নির্ভীক করে তোলে।”
ছেলের গান শুনে আবেগপ্রবণ সুজানও ভালোবাসা জানিয়েছেন। মিউজিক ভিডিওর পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, “ভীষণ আবেগাপ্লুত। তোমাকে সীমাহীন ভালোবাসি।” সঙ্গে দিয়েছেন একাধিক লাল হৃদয়ের ইমোজি। অন্যদিকে ঋত্বিকের সঙ্গী সাবা আজাদ নিজেও একজন স্বাধীন শিল্পী। তাই হ্রেহানের সঙ্গীতজগতে পা রাখার মুহূর্তটি তাঁর কাছেও বিশেষ। হ্রেহানকে ‘রে’ বলে সম্বোধন করে সাবা লেখেন, “খুব, খুব সুন্দর রে। তোমাকে নিয়ে ভীষণ গর্বিত।” পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ারও করেছেন তিনি।
সুজানের সঙ্গী আরসালান গোনিও হ্রেহানের নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মন্তব্য, “অসাধারণ রে! সারাদিন এই গানটাই শুনছি।” অর্থাৎ পরিবারের প্রত্যেকের ভালোবাসা এবং উৎসাহেই শুরু হল হ্রেহানের সঙ্গীতযাত্রা। অভিনয়ের দুনিয়ায় বাবার জনপ্রিয়তার ছায়া থাকলেও নিজের আলাদা পরিচয় তৈরি করতেই সঙ্গীতকে বেছে নিয়েছেন হ্রেহান। তাঁর প্রথম গান প্রকাশের পর থেকেই পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।



