‘আমি নয়, আমরা’, পিছিয়ে এসে অন্যদের সামনে আনেন রণবীর!

আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬’ (Screen Awards 2026)-এর আগে অভিনেত্রী শেফালি শাহ তাঁর সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন এক আবেগঘন স্মৃতি। তিনি ফিরে গেলেন ২০১৬ সালের স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে, যেখানে জোয়া আখতার পরিচালিত ২০১৫ সালের জনপ্রিয় ছবি দিল ধড়কনে দো-এর জন্য ‘সেরা দলগত অভিনয়’-এর পুরস্কার জিতেছিলেন তিনি ও তাঁর সহ-অভিনেতা রণবীর সিং।
ভিডিওটিতে দেখা যায়, সঞ্চালক করন জোহর ও কপিল শর্মা বিজয়ীর নাম ঘোষণা করার পর রণবীর মঞ্চে শেফালিকে নিয়ে যান। “গাল্লান গুডিয়ান” গানের তালে নাচতে উৎসাহ দেন তিনি। সেই সময় শেফালি তাঁর কানে কিছু বলতেই রণবীর হঠাৎ তাঁকে কোলে তুলে মঞ্চে হাঁটতে শুরু করেন, যা দেখে অবাক হয়ে যান শেফালি। দর্শকাসনে বসে থাকা রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় হাসতে ও হাততালি দিতে।
সামাজিক মাধ্যমে নিজের লেখায় শেফালি তাঁদের প্রথম সাক্ষাতের কথাও স্মরণ করেন। ‘গাল্লান গুডিয়ান’ গানের মহড়ার সময় হঠাৎ পিছন থেকে তাঁকে তুলে নেন রণবীর। প্রথমে চমকে গেলেও পরে রণবীরের উচ্ছ্বসিত কথায় “শেফু, চল দারুণ একটা ছবি বানাই” দু’জনের মধ্যে তৈরি হয় এক সুন্দর সম্পর্ক। শেফালির কথায়, রণবীরের এই নির্ভেজাল ও শিশুসুলভ আবেগই তাঁকে এতটা প্রিয় করে তুলেছে।
তিনি আরও জানান, রণবীরের ব্যবহার ও কাজের প্রতি ভালোবাসা সংক্রামক। সহ-অভিনেতাদের গুরুত্ব দেওয়া, প্রয়োজনে নিজে পিছিয়ে এসে অন্যকে এগিয়ে দেওয়া এই গুণগুলোই তাঁকে প্রকৃত দলগত শিল্পী করে তোলে।
আরও পড়ুন: বন্ধুর পাশে প্রিয়াঙ্কা! ‘ধুরন্ধর ২’ সাফল্যে রণবীরকে বিশেষ শুভেচ্ছা
ছবির মুক্তির পরেও রণবীর গোপনে প্রেক্ষাগৃহে গিয়ে শেফালির অভিনয়ের প্রশংসা করেছিলেন বলে জানান তিনি। তাঁর মতে, রণবীরের প্রশংসা যেমন অকপট, তেমনই তাঁর ব্যক্তিত্বও সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও সত্যিকারের।
শেফালি পাল্টা রণবীরের অভিনয়েরও ভরপুর প্রশংসা করেন। তাঁর কথায়, “ও কোনও ছবিতে থাকলে শুধু ওর জন্যই আমি সেটা দেখি। ও নিঃসন্দেহে সেরা অভিনেতাদের একজন।” তিনি বলেন, রণবীরের অভিনয় এতটাই স্বাভাবিক ও গভীর যে পর্দায় অভিনেতা নয়, শুধু চরিত্রটাই চোখে পড়ে। হোক তা বাজিরাও, কপিল দেব, খিলজি বা অন্য কোনও চরিত্র।
পোস্টের শেষে শেফালি লেখেন, “রণবীর খাঁটি হৃদয় আর পাগলামির এক অসাধারণ মিশেল, আর সেখানেই লুকিয়ে আছে তাঁর জাদু।” এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রণবীর লিখেছেন, “আমি যেন কথাই খুঁজে পাচ্ছি না, শেফু। তোমার এই ভালোবাসায় আমি আপ্লুত।” জবাবে শেফালি জানান, তিনি তাঁর প্রতিটি কথাই মন থেকে বলেছেন।
আরও পড়ুন: নিয়ম ভাঙার সাহসেই বাঁচার লড়াই! আভিজাত্যের গণ্ডি ভেঙে সংগ্রামী নারীর গল্পে স্বস্তিকা মুখোপাধ্যায়



