বছর ঘুরে ফের রাশিয়ার কামচটকায় ভয়াল ভূমিকম্প, ৭ মাত্রার শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

রাশিয়ার কামচটকা পেনিনসুলা অঞ্চলে ভয়ংকর ভূমিকম্প। শুক্রবার দুপুরে তীব্র কম্পন অনুভূতি হয় ভূকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের এখনও কোনও খবর নেই।
ইএমএসসি-র তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার (৮৬.৯৯ মাইল) গভীরে আঘাত হানে ভূমিকম্প। কেন্দ্রস্থল ছিল রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের ভিলিউচিনস্ক থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় দুপুর ৩টে বেজে ৩৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কামচটকা পেনিনসুলা। কামচাটকা উপদ্বীপটি ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত একটি ভূগঠনিক বলয়ের ওপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকাকে ঘিরে রেখেছে। এই অঞ্চলটি ভূকম্পপ্রবণ হিসাবেই পরিচিত।
গত বছর কামচটকাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কলে মাত্রা ছিল ৮.৮। যার পর মহাসাগরের উপকূলীয় অঞ্চলে ভয়াল সুনামি দেখা দেয়। ভেসে যায় বহু গ্রাম। সেখানেই নতুন করে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে হতাহত কিংবা সম্পত্তির ক্ষতির বিষয়ে কোনও তথ্য মেলেনি।



