বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেনার এয়ার স্ট্রাইক! গৃহযুদ্ধের মায়ানমারে মৃত অন্তত ৩০

হিংসার আগুনে পুড়ছে মায়ানমার (Myanmar Civil War)। গত কয়েকদিনে পরপর সেনার হামলায় সেখানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমাঝে গত শনিবার এক বিয়ে বাড়িতে এয়ার স্ট্রাইক চালালো সেনা। ভয়ংকর এই হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। পাশাপাশি শনিবার পশ্চিম রাখাইনে দুটি পৃথক হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের। সবমিলিয়ে সেনার হামলায় শুধু শনিবার মৃত্যু হল ৩০ জনের। এছাড়া গত তিনদিনের হিসেব করলে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।
জানা গিয়েছে, শনিবার প্রথম হামলার ঘটনা ঘটে উত্তর-পূর্বাঞ্চলের মগ বাই জেলায়। এই বিয়ের অনুষ্ঠানে হঠাৎই বিমান থেকে হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে শ্মশানের আকার নেয় বিয়েবাড়ি। এক প্রত্যক্ষদর্শী বলেন, এই হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ৫ শিশু। এক ব্যক্তি বলেন, “হামলার পর দ্রুত সেখানে গিয়ে দেখি ১৭টি দেহ পড়ে রয়েছে। চারপাশে আহত মানুষদের ভিড়। আমি হতভম্ব হয়ে যাই। কাকে সাহায্য করব বুঝতে পারছিলাম না।” মর্মান্তিক এই ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত ও আহতদের বেশিরভাগই মহিলা বলে জানা গিয়েছে।
মায়ানমারে সেনার হামলায় শুধু শনিবার মৃত্যু হল ৩০ জনের। এছাড়া গত তিনদিনের হিসেব করলে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর মায়ানামারে শুরু হওয়া গৃহযুদ্ধে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দাবি করা হচ্ছে, গত কয়েক বছরে দেশটিতে এক লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মগ বে শহরটি এখনও সেনার নিয়ন্ত্রণে থাকলেও, তার আশপাশের এলাকা বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে। এই অঞ্চল শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী। লাগাতার হিংসার জেরে এইসব অঞ্চল থেকে বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
এদিকে ২০১৭ সালে রোহিঙ্গা গোষ্ঠীর উপর গণহত্যার ঘটনায় মায়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করেছে রাষ্ট্রসংঘের আদালত। সাত বছরের বিচারপ্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার এই রায় দেয় নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এই রায়ে বিশেষ কোনও হেলদোল দেখা যায়নি মায়ানমার সেনার মধ্যে। বরং হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে তারা।
শেয়ার
লিংক



