স্টারলিঙ্ক ব্যবহার করে আমেরিকায় পরপর হামলা ইরানের! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট, ক্ষুব্ধ মাস্ক

আমেরিকা এবং ইজরায়েলের উপর হামলা চালাতে ‘স্পেসএক্সের’ স্টারলিঙ্ক কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছিল ইরান। মার্কিন সমবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতে তেহরানে আমেরিকা এবং ইজরায়েলের অভিযান শুরুর পর ইরান দু’বার স্টারলিঙ্ক (Starlink) ব্যবহার করেছিল। কিন্তু সেগুলির অনুমোদন ছিল না। সূত্রের খবর, দু’বারই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছিল ইরানি সেনা। মনে করা হচ্ছে, আমেরিকা এবং ইজরায়েলে পালটা হামলা চালাতেই এটির ব্যবহার করা হয়েছিল।
জানা গিয়েছে, সামরিক কার্যকলাপ পরিচালনার পাশাপাশি ড্রোন হামলার জন্যও স্টারলিঙ্ক ব্যবহার করেছিল ইরানি সেনা। ‘ওয়াশিংটন পোস্ট’-এর দাবি, মাসখানেক আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে যুদ্ধ বিষয়ক একটি গোপন রিপোর্ট পেশ করা হয়েছিল। সেখানে ইরানের স্টারলিঙ্ক ব্যবহারের বিষয়টি সংক্ষেপে উল্লেখ করা হয়েছিল। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন ঘাঁটিতে ভয়ংকর ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ঘটনায় নিহত হয়েছিলেন ছয় মার্কিন সেনা। প্রশ্ন উঠছে, স্টারলিঙ্ক ব্যবহার করেই কি সেই হামলা চালানো হয়েছিল? সেটা অবশ্য স্পষ্ট নয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্টারলিঙ্কের ‘অপব্যবহারে’ ক্ষুব্ধ ‘স্পেসএক্স’ প্রধান এলন মাস্ক (Elon Musk)। এই ঘটনায় ইতিমধ্যেই ‘স্পেসএক্স’-এর অন্তত দুই কর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, যুদ্ধে ব্যবহারের জন্য স্টারলিঙ্ক ব্যবহারের অনুমতি ছিল না ইরানের। কিন্তু অবৈধভাবে সে দেশের সেনা সেই উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছিল ড্রোন হামলার কাজে। পাশাপাশি, নিজেদের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজেও এটির ব্যবহার করেছিল তেহরান। কিন্তু কীভাবে অনুমোদন ছাড়াই যুদ্ধে স্টারলিঙ্ক ব্যবহার করল ইরান, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত মার্চে বিষয়টি জানতে পারেন মাস্ক। এরপরই ক্ষোভ প্রকাশ করেন তিনি। সে কারণেই শাস্তিস্বরূপ দুই ‘স্পেসএক্স’ কর্তাকে বরখাস্ত করা হয় বলে খবর।
শেয়ার
লিংক



