ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করায় মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ নভেম্বর : প্রস্তাবিত ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার রাজারহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দেশের মহিলারা প্রস্তাবিত বিলের পক্ষে রয়েছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
দিলীপ ঘোষ বলেন, দেশের মহিলারা যথেষ্ট সচেতন ও সক্রিয়। কেউ এই বিলের বিরোধিতা করলে আগামী নির্বাচনে তার জবাব দিতে প্রস্তুত মহিলারা। তাঁর কথায়, “মহিলারা উপযুক্ত জবাব দেবেন। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) অন্য সমস্যা রয়েছে। দল চলে গিয়েছে, পার্টি অফিস চলে গিয়েছে, দলের অ্যাকাউন্ট চলে গিয়েছে। পতাকা, ব্যানার, প্রতীক—সবই চলে গিয়েছে। টিকে থাকার জন্য তিনি দিল্লিতে ছুটছেন। মনে হচ্ছে, ইন্ডিয়া জোটকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেন তাঁরই সবচেয়ে বেশি।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহিলা সংরক্ষণ বিলকে খারাপ বিল বলে মনে করেন, তাহলে তিনি আসলে কী চান? ক্ষমতা হারালে অনেক সময় মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয় বলেও কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার ইন্ডিয়া জোটের নেতাদের জরুরি বার্তা পাওয়ার পর সংসদের বিশেষ অধিবেশনের আগে দিল্লির উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা।
ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দেশের জনসংখ্যা অনেক বেড়েছে। সেই কথা মাথায় রেখেই নতুন সংসদ ভবনের আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে লোকসভার কিছু কেন্দ্রে প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছেন। একজন সাংসদের পক্ষে এত বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা শোনা ও সমাধান করা কার্যত অসম্ভব। তাই আসনসংখ্যা বাড়ানোর উদ্যোগ ইতিবাচক বলেই মন্তব্য করেন তিনি।
এনসিপি (এসপি)-র ডিলিমিটেশন বিলকে সমর্থন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সকলেরই এই বিলকে সমর্থন করা উচিত। তাঁর দাবি, এই সংস্কার অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজ্যে ৪২টি লোকসভা আসন রয়েছে এবং জেলার সংখ্যা ২৩। অথচ কোনও জেলায় পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, আবার কোনও জেলায় মাত্র একটি বিধানসভা কেন্দ্র রয়েছে।
এদিকে, শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ভিডিও ক্লিপ প্রকাশ করার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করছেন, তার সবই আইনের পরিপন্থী। তাঁর দাবি, স্বাভাবিক মানসিক অবস্থায় ফিরতে অভিষেকের আরও কিছুটা সময় লাগবে, আর সেই কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।



