বৈভবকে আচমকা প্রণাম এক কিশোর ভক্তের, পালটা কী করল ‘বেবি বস’? ভিডিও ভাইরাল

বয়স মাত্র ১৫। এই মুহূর্তে দেশের ক্রিকেটভক্তদের নয়নমণি। বৈভব সূর্যবংশী এতটাই জনপ্রিয় যে এই বয়সেই তাকে প্রণাম করা হচ্ছে। জনসমক্ষে আচমকা প্রণাম করায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় বৈভব। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
যুব এশিয়া কাপে সেমিফাইনাল থেকে বিদায় ঘটেছে ভারতের। তবে সেখানে আগুনে ফর্মে ছিল বৈভব। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংসে ক্রিকেটমহলের মাথা ঘুরিয়ে দিয়েছে। গোটা ক্রিকেটবিশ্ব এখন তাকে সমীহ করছে। দোহায় টুর্নামেন্ট শেষে ভারতে ফেরার পথে ঘটনা ঘটে। কাতার বিমানবন্দরে দেখা যায়, এক কিশোর ভক্ত বৈভবের কাছে গিয়ে কথা বলে। একসঙ্গে ছবি তোলে। তারপর আচমকা বৈভবের পা ছুঁয়ে প্রণাম করে বসে। যাতে চমকে যায় ‘বেবি বস’। প্রায় লাফিয়ে পিছনে সরে এসে বলে, “আরে ভাই, পায়ে হাত দিচ্ছ কেন?”
কেন এই কাজ করেছে ওই ভক্ত? পরে সোশাল মিডিয়ায় ভিডিও করে ওই কিশোর জানায়, “আমি দুবাই যাচ্ছিলাম। বিমানবন্দরে দেখলাম, টিম ইন্ডিয়া দিল্লি যাচ্ছে। সেখানেই বৈভব ভাইয়ের সঙ্গে দেখা। আমি ওকে ছবি তোলার জন্য অনুরোধ করি। ও রাজি হতেই আমি আনন্দে ওকে প্রণাম করে ফেলি। আমার বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে। আমি এর আগেও বৈভবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। এবার সফল হলাম। ওকে নিয়ে আমার একটা শ্লোগান আছে- বৈভব বাবু ছক্কা মারবে।”
উল্লেখ্য, যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল নেয় বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে ১৫ বছর বয়সি ক্রিকেটারের ব্যাটে। এরপর ডবল সেঞ্চুরি। সেটা আসে ৫২ বলে। সেটাও রেকর্ড। তবে সেমিফাইনালে ভারত জিততে পারেনি। বৈভব ৪০ রান করলেও হেরে গিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে।
শেয়ার
লিংক



