সৌদির নিরাপত্তায় সেনা পাঠাল পাকিস্তান, মক্কা চুক্তির শর্ত মেনে লড়বে হাউথির বিরুদ্ধে

পিঠ বাঁচিয়ে এতদিন কাটানোর পর লজ্জার মুখে পড়ে অবশেষে পদক্ষেপ পাকিস্তানের। মক্কা চুক্তির (Mecca Pact) শর্ত মেনে সৌদি আরবের নিরাপত্তায় সেনা পাঠাল ইসলামাবাদ। রবিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে পাক সেনার তরফে। বলা হয়েছে, সৌদি আরবের হয়ে হাউথিদের বিরুদ্ধে লড়াই করবে তাদের বাহিনী। শর্ত মেনে বন্ধুর পাশে দাঁড়াতে সৌদি আরবেই অবস্থান করবে পাক সেনা।
গত কয়েকমাসে সৌদি আরবকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। লাটে উঠেছে সৌদির তেল বাণিজ্য। একের পর এক ঘাঁটি থেকে তাড়ানো হয়েছে সৌদির সেনাকে। বেহাল এই পরিস্থিতিতে মক্কা চুক্তির অধীনে মরিয়া হয়ে বন্ধু তুরস্ক ও পাকিস্তানের সাহায্যপ্রার্থী হয়েছিল সৌদি আরব। তবে এ বিষয়ে এতদিন ধরে পাশে দাঁড়ানোর আশ্বাস ছাড়া কোনও পদক্ষেপ করা হয়নি। যার জেরে বিশ্বমঞ্চে সমালোচনার শিকার হতে হয়েছে পাকিস্তানকে। গুরুতর এই পরিস্থিতিতে এবার মুখ বাঁচাতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।
পাকিস্তান জানিয়েছে, মক্কা ও মদিনার দুই মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে পাক সৈন্যরা দায়িত্ব পালনের জন্য সৌদি আরবেই অবস্থান করবে।
রবিবার পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সৌদি আরবকে নিরাপত্তা দেওয়া তাদের দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বের একটি অংশ। আরও বলা হয়েছে, পাকিস্তান মক্কা ও মদিনার দুই মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে তাদের সৈন্যরা দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করবে। পাকিস্তান আরও জানিয়েছে, এই সেনা মোতায়েনের ফলে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ন্যাটোর (NATO) ৫ নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি এই চুক্তির প্রধান বিধান হলো, জোটভুক্ত তিনটি দেশের যেকোনো একটির ওপর হামলা হলে বাকি দুটি দেশ সেই হামলাকে নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে এবং যৌথভাবে সামরিক পদক্ষেপ নেবে। তবে মাসের পর মাস ধরে হাউথির হাতে মার খেলেও এতদিন কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। বিশ্বমঞ্চে সমালোচনার শিকার হয়ে অবশেষে সৌদিতে সেনা পাঠানোর দাবি করল তারা। যদিও সেখানে কত সেনা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি।
শেয়ার
লিংক



