0%

‘ক্রিসমাসের মধ্যে লিগ জিতে যাবে মোহনবাগান’, রেফারিকে বিঁধে খোঁচা হাবাসের, কী বললেন বাগান কোচ?

আইএসএল ডার্বিতে প্রতিরোধ্য মোহনবাগান। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২৯ নম্বর জার্সি গাঁয়ে চাপিয়ে যখন আনন্দে উদ্বেলিত সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, তখন অন্যদিকে এ হেন হার মেনে নিতে পারছেন না লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচ হেরে তিনি দুষলেন রেফারিকে। তবে লাল-হলুদ কোচকে খোঁচা দিতে ছাড়লেন না সবুজ-মেরুন কোচ। 

রেফারিকে বিঁধে লাল-হলুদ কোচ বলে দিলেন, “ক্রিসমাসের মধ্যে হয়তো লিগ জিতে যাবে মোহনবাগান।” এমনকী ম্যাচ শেষে মোহনবাগানের সাপোর্টিং স্টাফ ও রেফারির সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটিতে জড়ান তিনি। শনিবার আইএসএল ডার্বির অঙ্ক বদলানোর হুঙ্কার দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। তাঁর ফুটবলারদের ‘বিশ্বসেরা’ বলেছিলেন। কিন্তু ডার্বিযুদ্ধে মশাল বাহিনীর সেই ঝাঁজ উধাও। আনোয়ার আলি, এডমুন্ড লালরিনডিকারা নেই। প্রশ্ন হল, যাঁরা ছিলেন তাঁরা কতটা ছন্দময় ছিলেন? উত্তরটা সহজ। ছন্দে ছিলেন একে লোবা, মহম্মদ রশিদ। নিটফল? হাবাসের হাত ধরেও আইএসএল ডার্বির ভাগ্য বদলানো না ইস্টবেঙ্গলের। লাল-হলুদ বাহিনী চলে গেল নবম স্থানে।

৬৭ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধে সেভাবে নজরে পড়েননি। কিন্তু ঠিক সময়ে জ্বলে উঠলেন অজি তারকা। ইস্টবেঙ্গলের অফসাইড ট্র্যাপকে ছিঁড়ে বেরিয়ে গেলেন। বিদেশিহীন লাল-হলুদ রক্ষণ ফাঁদ ভালোভাবে তৈরিও করতে পারেনি। লিস্টনের হেড থেকে বল ধরে লাচেনপাকে টপকে বল জালে জড়িয়ে দেন। তারপর কর্নার ফ্ল্যাগ নিয়ে ক্রিকেটে ব্যাট চালানোর ভঙ্গি করেন। যে ফ্ল্যাগে ইস্টবেঙ্গলের লোগো ছিল। পরে ম্যাকলারেনকে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাকার এ হেন সেলিব্রেশনের নেপথ্য গল্পও রয়েছে। ডুরান্ড কাপ ফাইনালে গোল করে পতাকা ঊর্ধ্বে তুলেছিলেন এডমুন্ড। আজ হয়তো জবাব দেওয়ার পালা। যে জবাবটা দিলেন ম্যাকা। গত আইএসএলের শেষ ডার্বিতে মিসটা হয়তো এখনও মনে আছে অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ এ-লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আজ সেই পতাকা নিয়ে সিক্সার ম্যাকলারেনের। তিনি বলছেন, “ইস্টবেঙ্গলকে হারিয়ে খুশি। তবে মাটিতে পা রাখতে হবে।”

তবে সমস্ত কিছুর মধ্যে রেফারিং নিয়ে বিস্ফোরক হাবাস। রেফারিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। অভিযোগ, মোহনবাগান নাকি রেফারির ‘সাহায্য’ পেয়েছে। তবে জয়ের পর ডুরান্ড হার নিয়ে মুখ খুলেছেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। তাঁর কথায়, “ওই হার এখনও কষ্ট দেয় আমাকে।” তবে ইস্টবেঙ্গল কোচকে খোঁচা দিতে ছাড়েননি গ্রিক কোচ। “হেরে গেলে মেনে নেওয়া উচিত। দোষ দিয়ে কী হবে?” বলেন প্যানোস। 

লিগের এখনও অনেকটা পথ বাকি। তাই একটি জয়েই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান কোচ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরেও সতর্ক তিনি। প্যানোসের কথায়, “মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতিটি ম্যাচেই নানা কারণে কোনও না কোনও ফুটবলারকে পাইনি। এই ম্যাচেও মিগুয়েল খেলতে পারেনি। ওর মায়ের দ্রুত আরোগ্য কামনা করি। তবে যারা মাঠে নেমেছে, তাদের কৃতিত্ব আরও বেশি। নিজেদের আত্মসম্মান ও শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওরা খেলেছে।”

আলবের্তোর পিঠে ব্যথা ছিল। এমনকী ঘাড় পর্যন্ত ঘোরাতে পারছিলেন না তিনি। বিশালেরও কাঁধে ব্যথা ছিল। তা সত্ত্বেও দু’জনের লড়াকু মানসিকতায় মুগ্ধ মোহনবাগান কোচ। তিনি বলেন, “আপনারা ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই জানেন না, আলবের্তোর পিঠে যন্ত্রণা ছিল। ও ঘাড় পর্যন্ত ঘোরাতে পারছিল না। সেই অবস্থাতেও অসাধারণ খেলেছে। বিশালেরও কাঁধে ব্যথা ছিল। এই দলের প্রত্যেক ফুটবলারই পেশাদার। নিজেদের যাবতীয় সমস্যা সরিয়ে রেখে ওরা দলের জন্য মাঠে নেমেছে।” আপাতত টানা ছ’ম্যাচ জিতে লিগ শীর্ষে সবুজ-মেরুন। সেখানে নয়ে ইস্টবেঙ্গল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker