0%

আইএসএল ডার্বিতে মোহনবাগানের দাপটই ‘চিরসত্য’! এবার কোন পাঁচ কারণে জয় প্যানোস বাহিনীর?

মরশুম আসে, মরশুম যায়। শেষের গেরো কাটিয়ে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু একটা জিনিস অরণ্যের প্রাচীন প্রবাদের মতো হয়ে যাচ্ছে। আইএসএল ডার্বি মানে মোহনবাগানেরই দাপট। দেশের সেরা লিগে ১২টা ডার্বিতে সবুজ-মেরুন বাহিনী ১০টা ম্যাচ জিতেছে। ২টো ড্র। ইস্টবেঙ্গল কোনও ম্যাচ জেতেনি। সেই অঙ্ক বদলাতে পারলেন না আন্তোনিও লোপেজ হাবাসও। অন্যদিকে মোহনবাগান কোচ দিলেমপেরিসের খেলানোর ধরন নিয়ে সমর্থকরা অখুশি ঠিকই। তবে তিনি ঠিক ম্যাচ জিততে জানেন। এবার কোন মন্ত্রে জয় পেল মোহনবাগান?

প্যানোসের জোড়া বদল: একটা সময় ভালোভাবে চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। একের পর এক শট, কোনওটা বারে লাগে কিংবা কোনওটা সেভ করেন বিশাল কাইথ। সব অঙ্ক বদলে গেল ৬০ মিনিটের মাথায়। মেহতাব ও ড্রাজিচের জায়গায় মাঠে নামলেন সমির জেলকোভিচ ও লিস্টন কোলাসো। বিশেষ করে বলতে হয় দ্বিতীয় জনের কথা। ফ্রি-কিক মারলেন, উইং সচল হল। আর গোলের বলটাও তাঁরই সাজিয়ে দেওয়া।

5 reason why Mohun Bagan beats East Bengal in ISL Derby
ছবি: অমিত মৌলিক

ম্যাকা ম্যাজিক: চোটের জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন। এদিনও মাঠে ফিরে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু একটা বলই যথেষ্ট তাঁর কামব্যাকের জন্য। ইস্টবেঙ্গলের অফসাইড ট্র্যাপকে ছিঁড়ে বেরিয়ে গেলেন। লিস্টনের হেড থেকে বল ধরে লাচেনপাকে টপকে বল জালে জড়িয়ে দেন। তারপর কর্নার ফ্ল্যাগ নিয়ে ক্রিকেটে ব্যাট চালানোর ভঙ্গি করেন। যে ফ্ল্যাগে ইস্টবেঙ্গলের লোগো ছিল। কিংবা এর আগে ইস্টবেঙ্গলের এডমুন্ডের সেলিব্রেশনটা সম্ভবত ভোলেননি।

5 reason why Mohun Bagan beats East Bengal in ISL Derby
ছবি: অমিত মৌলিক

‘মনের স্টার’ আলবার্তো: সবুজ-মেরুন সমর্থকরা ডিফেন্ডার আলবার্তো রডরিগেজকে ভালোবেসে ‘মনের স্টার’ বলে ডাকেন। আসলে রক্ষণে তিনি ‘মনস্টার’। এদিন ফের তা প্রমাণ করলেন। একের পর এক বল ব্লক করলেন। সঠিক সময় অ্যান্টিসিপেট করলেন। ম্যাচের সেরাও তিনি। ম্যাচের পর মোহনবাগান কোচ প্যানোস জানালেন, পিঠে অসহ্য যন্ত্রণা নিয়ে খেলেছেন আলবার্তো। আর কাঁধে চোট আছে গোলকিপার বিশাল কাইথের। তবু তাঁরা জান লড়িয়ে খেলেছেন। সেগুলোই পার্থক্য গড়ে দিল মোহনবাগানের জন্য।

5 reason why Mohun Bagan beats East Bengal in ISL Derby
ছবি: অমিত মৌলিক

হাবাসের চাল ব্যর্থ: ইস্টবেঙ্গল কোচ দল সাজিয়ে ছিলেন ৩-৪-৩ ফর্মেশনে। আসলে যা ছিল ৫-৪-১। দুই ফুল ব্যাক জিকসন ও সন্দীপ মাণ্ডি। রোহিত কুমার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর প্রতিভা ইস্টবেঙ্গলকে জেতানোর মতো নয়। ফলে রশিদ একা হয়ে পড়ছিলেন। একইভাবে লোবা উপরে একা। পরিস্থিতি বুঝেই প্রথমার্ধে লো ব্লক খেলছিলেন। কিন্তু মোহনবাগানের দুই উইং সচল হতেই আর তাল সামলাতে পারেননি।

পার্থক্য গড়লেন বিদেশিরা: ইস্টবেঙ্গল প্রথম একাদশে মাত্র দু’জন বিদেশি। মহম্মদ রশিদ ও একে লোবারা পার্থক্য গড়তে পারেননি। রিজার্ভে থাকা লুকাস জলিনস্কিকে নিয়ে কথা না বাড়ানোই ভালো। রক্ষণে এমনিতেই আনোয়ার নেই। এদিন দলে ছিলেন না জিভুলিচও। বিদেশিহীন রক্ষণ ঠিকভাবে অফসাইড ট্র্যাপ তৈরি করতে পারেনি। এমনকী পিছিয়ে পড়ার পরও হাবাসের হাতে কোনও মালমশলা ছিল না যাতে খেলা ঘোরাতে পারেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker