বিল পেশের আগে দিল্লিতে বৈঠক ও নৈশভোজ, ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!

SOBDIK NEWS: অপেক্ষার ইতি, সোমবারেই পেশ করা হবে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল (Delimitation BIll)। তার আগের রাত অর্থাৎ রবিবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এনসিপিআই (NCPI) ও বিজেপি (BJP) সাংসদদের সঙ্গে বৈঠক ও নৈশভোজে বসেন। আর বৈঠক শেষে শুভেন্দু অধিকারীকে দেখা গেল ‘ভিক্ট্রি সাইন’ সাইন দেখতে।
আসন পুনর্বিন্যাস বিল পেশের আগেই জয়ের ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এনসিপিআই সাংসদদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে বিজেপি সাংসদদের সঙ্গে একসঙ্গে নৈশভোজে যোগ দেন সবাই। উপস্থিত ছিলেন আবু তাহের খান, ইউসুফ পাঠান, খলিলুর রহমান, মালা রায়, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দেব, জুন মালিয়া, শর্মিলা সরকারসহ আরও কয়েকজন।
এদিন শুভেন্দু অধিকারী এনসিপিআইয়ের ২০ জন সাংসদের ভূমিকার প্রশংসা করেন বলেই জানা যাচ্ছে। তিনি বলেন, দেশের স্বার্থে তাঁরা বড় ভূমিকা নেবেন। তাঁদের কাজ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বীকৃতি দিয়েছেন। আগামীকাল থেকে এই সপ্তাহজুড়ে দেশ অন্য রাজনৈতিক উচ্চতায় পৌঁছবে। সেখানে তাঁদের অবদান স্মরণীয় থাকবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে উদ্দেশ করে তিনি বলেন, এই ২০ জনের সম্মান যেন বজায় থাকে। শমীক ভট্টাচার্যও সাংসদদের ধন্যবাদ জানান। ভূপেন্দ্র যাদব প্রত্যেকের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন।
আরও পড়ুনঃ পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের
নৈশভোজের মেনুতে ছিল কী কী?
শুধুমাত্র বৈঠক নয় বরং তারপর নৈশভোজের আয়োজনেও করা হয়েছিল। সেখানে ভাত, রুটি, চিকেন, চিংড়ি মালাইকারি, গুড়ের রসগোল্লা, দইসহ নিরামিষ ও আমিষ মিলিয়ে প্রায় ২২ রকমের পদ রাখা হয়েছিল বলেই জানা যাচ্ছে। এরমধ্যে ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বিশেষ পদ হিসেবে ডাল-বাটি-চুরমা আনা হয়েছিল। এছাড়া চিংড়ির বিভিন্ন পদও ছিল মেনুতে।
প্রসঙ্গত, আসন পুনর্বিন্যাস বিল বা Delimitation Bill, ২০২৬ পাশ করতে লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন লাগে। লোকসভায় সেই সংখ্যা প্রায় ৩৫৬। ইতিমধ্যেই বিজেপি এই সংখ্যাগরিষ্ঠতা প্রায় নিশ্চিত করে ফেলেছে বলে সরকারি সূত্রের দাবি। যদিও এর আগে এপ্রিল মাসে বিলের আগের সংস্করণ প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। পরে DMK ও অন্য কয়েকজন সাংসদকে আসন ৫০% বাড়ানোর বিষয় লিখিতভাবে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়ার পর আপত্তি মেটে। এনসিপিআই সাংসদদের মতে, এই বিল সমর্থন না করার কোনো কারণ নেই। তবে ইন্ডি জোটের অনেক ভোটও বিলের পক্ষে যাবে বলে মনে করা হচ্ছে।



