0%

ভরা বিধানসভায় নথি খুলতেই চাঞ্চল্য! তারাতলা কাণ্ডে ফিরহাদকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় রাজনৈতিক তরজা আরও তীব্র হল। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯-এ। বৃহস্পতিবার বিধানসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন তিনি। একইসঙ্গে এই ঘটনার জন্য কলকাতা পুরনিগমের অনুমোদন প্রক্রিয়া ও তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তারাতলা দুর্ঘটনায় নিশানা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে এসএসকেএম হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এরপরই বিধানসভায় একটি নির্মাণ নকশা তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, গুদাম নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছিল। নথি দেখিয়ে তিনি বলেন, “দেখুন এতে সই রয়েছে প্রাক্তন মেয়রের।” তাঁর অভিযোগ, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও সেই প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

এই প্রসঙ্গেই শুভেন্দুর মন্তব্য, “প্রাক্তন মেয়র জড়িত। দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন কীভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতেও প্ল্যান অ্যাপ্রুভ করেছেন।” মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট নথিতে শুধু প্রাক্তন মেয়রের স্বাক্ষরই নয়, প্রকল্পের সঙ্গে যুক্ত আর্কিটেক্ট, EAC, GTE, জমির মালিক এবং আবেদনকারীর স্বাক্ষরও রয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যখন নকশাতেই গঠনগত ত্রুটির ইঙ্গিত ছিল, তখন কীভাবে সেই নির্মাণকাজের অনুমোদন মিলল? যে এলাকায় গুদামটি তৈরি হচ্ছিল, সেটি কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওই ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানকে ঘিরেও ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

Suvendu Adhikari make explosive allegations against Firhad in Taratala case

আরও পড়ুন :কাজে লাগবে না আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট! নাগরিকত্ব প্রমাণে কোন নথি ভরসা জানুন

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল আমলের প্রশাসনিক কাজকর্ম নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “আপনার KMC তে কী হয়েছে, জানি না! আপনার কালীকে তুললেই সব হয়ে যাবে। KMC তে কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী ক্যামাক স্ট্রিটের দ্বারা নিযুক্ত। এই কালী বাইপাসের পাশে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে। আমরা সব বার করেছি।” তারাতলা বিপর্যয়ের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। নির্মাণের অনুমোদন, নকশার বৈধতা এবং প্রশাসনিক দায়বদ্ধতা— সব কিছু নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker