ইটালির স্কুলে নিষিদ্ধ বোরখা-নিকাব, বিদেশি পড়ুয়া ভর্তিতেও লাগাম

স্কুলে বোরখা ও নিকাব নিষিদ্ধ হল ইটালিতে (Italy)। শুধু তাই নয়, স্কুলগুলিতে বিদেশি পড়ুয়াদের উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হল। শরণার্থী বিতর্ক রুখতে গিয়ে পার্লামেন্টে পাশ হওয়া বিল অনুযায়ী ৩০ শতাংশের বেশি বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবে না স্কুলে। কোনও ছাত্রী যদি বোরখা ও নিকাব পরে স্কুলে আসে, তাহলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকারও বেশি) জরিমানা দিতে হতে পারে।
উল্লেখ্য, ২৬ নভেম্বর চেম্বার অফ ডেপুটিজ আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেয়। পক্ষে ১৪২টি ভোট, বিপক্ষে ১১২টি ভোট পড়েছিল। চারজন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। এর আগে ২০ নভেম্বর সিনেট ডিক্রিটিকে অনুমোদন দিয়েছিল, যার মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষে আইনটির পাশ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইউরোপে প্রবেশের জন্য অভিবাসীদের কাছে ইটালিই হল অন্যতম প্রধান ট্রানজিট দেশ। আগামী বছর নির্বাচনের আগে এখানকার অভিবাসীদের স্থানীয়দের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি প্রচারের অন্যতম ইস্যু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিদেশি পড়ুয়াদের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হল। যদিও বিরোধীরা এর প্রতিবাদ করেছে। তাদের দাবি, এই ধরনের আইন এনে আখেরেই বৈষম্যই ছড়াচ্ছে সরকার।
এর আগে গত জুলাই মাসে স্কুলে বোরখা ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের দাবি তুলেছিল সেখানকার ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি। গত ফেব্রুয়ারি মাসে দলটি আত্মপ্রকাশের পর দেশে এই দলের দাপট ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। রাজনৈতিক অবস্থানের দিক থেকে এরা মেলোনির দলের চেয়ে অনেক বেশি ডানপন্থী। আসন্ন নির্বাচনে এফএন পার্টি এফডিআই-কে টক্কর দিতে পারে বলেও মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই ইটালিতে বড় পদক্ষেপ মেলোনি সরকারের।
অবশ্য মেলোনির দলের এই উদ্যোগ নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে ইটালির সংসদে পেশ করা হয় এমনই এক বিল। যেখানে বলা হয়েছে, স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান-পাঠ, অফিস-সহ অন্যান্য সার্বজনিক জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এইসব প্রকাশ্য স্থানে বোরখা কিংবা হিজাব পরা যাবে না। সংসদে বিলটি পেশ করেন মেলোনির দলের ৩ জন সাংসদ। বলা হয় বিলের উদ্দেশ্য দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ ও ধর্মের দ্বারা ঘৃণা ছড়ানো বন্ধ করা। মেলোনি সরকারের দাবি, এই পদক্ষেপ ইটালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে। এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে নির্মূল করবে।
শেয়ার
লিংক



