টেকসই ও নিরাপদ বিশ্ব গঠনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেনমার্কের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পরিবর্তন ত্বরান্বিত করা এবং একটি টেকসই, নিরাপদ ও আন্তর্জাতিক আইনভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার বলে মন্তব্য করলেন ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। শনিবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পঞ্চম ভারত-ডেনমার্ক যৌথ কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ভারত ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির প্রসঙ্গে রাসমুসেন গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের (জিএসপি) গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, এই অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো হিসেবে কাজ করছে।
ডেনমার্কের বিদেশমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিশেষ করে গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব রূপান্তর এবং একটি টেকসই, নিরাপদ ও নিয়মভিত্তিক বিশ্ব গঠনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গত বছর জয়শঙ্করের কোপেনহেগেন সফরের প্রসঙ্গও তুলে ধরেন রাসমুসেন। সেই সময় ভারত-ডেনমার্ক সম্পর্ককে বিশ্বাস, শক্তি ও উন্মুক্ততার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক বলে বর্ণনা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। রাসমুসেন জানান, তিনিও এই মূল্যায়নের সঙ্গে সম্পূর্ণ একমত।
তিনি আরও বলেন, গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গত ছয় বছরের সাফল্য পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিশা নির্ধারণের জন্য বর্তমান বৈঠক অত্যন্ত সময়োপযোগী। দুই দেশের অগ্রাধিকারগুলি সমন্বয় করা, অমীমাংসিত বিষয়গুলির সমাধান এবং একটি নতুন যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি।
আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডেনমার্কের বিদেশমন্ত্রী। তাঁর মতে, আন্তর্জাতিক আইনভিত্তিক এমন একটি বহুপাক্ষিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যা বর্তমান বিশ্বের বাস্তবতা ও চ্যালেঞ্জগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দেশ, আঞ্চলিক সংগঠন এবং আন্তর্জাতিক গোষ্ঠীগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে জয়শঙ্করের বক্তব্যের উল্লেখ করে রাসমুসেন বলেন, বিশ্ব যত বেশি অনিশ্চিত ও অস্থিতিশীল হয়ে উঠবে, স্থিতিশীলতা বজায় রাখতে দেশগুলির পারস্পরিক সহযোগিতা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



