0%

নীল-সাদা জার্সিতে ‘লাস্ট ডান্স’, ৮৫ হাজার দর্শকের সামনে উত্তরাধিকার তুলে দেবেন মেসি

আর একবার! ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টে। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। শেষ হবে ২১ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ার। যে কেরিয়ারে সাফল্যের পর সাফল্য লিখেছেন তিনি। আর্জেন্টিনার সর্বকালের সেরা তো বটেই, ফুটবলবিশ্বের সর্বকালের সেরাদের তালিকাতেও যাঁর নাম প্রথম সারিতে। সেই মেসি এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার পথে।

বুয়েনস আইরেসের এস্তাদিয়ো মনুমেন্টালে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কয়েক বছর আগে যে মাঠে মেসির নামে গর্জে উঠেছিল গ্যালারি, বুধবার সেই গ্যালারিই তাঁকে শেষ বার দেখবে দেশের হয়ে খেলতে। আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না লিও। নীল-সাদা জার্সি তুলে রাখছেন কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ ফাইনালে হার, তারপর বাবার মৃত্যু– দুইয়ের ধাক্কায় সম্ভবত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এলএম১০। তার পরেই বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। যা এবার বাস্তবায়নের পথে।

এখন অবশ্য ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। তবে বাবার মৃত্যুর পর তাঁর কথাবার্তায় ভবিষ্যৎ নিয়েও কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত মিলেছে। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব ফুটবল থেকেও মেসি সরে দাঁড়ান কি না, তা নিয়ে জল্পনা থাকছেই। ২০০৫ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হয়েছিল তাঁর। তার পর পেরিয়ে গিয়েছে ২১ বছর। দেশের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। সঙ্গে ৬৮টি অ্যাসিস্ট। তাঁর হাত ধরেই আর্জেন্টিনা জিতেছে একটি বিশ্বকাপ, দু’টি কোপা আমেরিকা এবং একটি ফাইনালিসিমা। আরও দু’টি বিশ্বকাপে মেসির নেতৃত্বে রানার্স হয়েছে আর্জেন্টিনা।

এ বার সেই মেসির হাত থেকেই যেন ব্যাটন যাওয়ার পালা পরবর্তী প্রজন্মের হাতে। বিদায়ী ম্যাচে তাঁর পাশে থাকবেন অ্যাঞ্জেল দি মারিয়া। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন তিনি। সেই বিশ্বজয়ী দলের আরও কয়েকজন ফুটবলারকে দেখা যাবে মনুমেন্টালের মাঠে। তাঁদের পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার কথা। অন্যদিকে, বেনিনের বিরুদ্ধে মাঠে নামবেন ফ্রাঙ্কো মাসটান্তুয়োনো, লিওনেল ফ্লোরেসের মতো তরুণ ফুটবলাররা। মেসি যখন আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে প্রথম বার মাঠে নেমেছিলেন, তখন তাঁদের অনেকেরই জন্ম হয়নি। আজ তাঁরাই জাতীয় দলের ভবিষ্যৎ।

ম্যাচের আগে আবেগ লুকিয়ে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনিও। বলেছেন, “সকলের জন্য অবিস্মরণীয় একটা দিন। সবাই এই ম্যাচের সাক্ষী থাকতে চাইছে। আমি জানি, সকলে খুব আনন্দ পাবে।” কিন্তু মেসির জায়গা কি সত্যিই পূরণ করা সম্ভব? স্কালোনির উত্তর, “আমরা সকলে মিলে লিওর অভাব পূরণের চেষ্টা করব। একা কারও পক্ষে সেটা সম্ভব নয়।” জানা গিয়েছে ইতিমধ্যেই আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়েছেন এলএম১০। তবে কেবল মেসি নন, রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জিয়োভানি লো সেলসোর মতো অভিজ্ঞ ফুটবলারদেরও হয়তো শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker