ইতিহাসে প্রথমবার! ‘যুদ্ধবাজ’ ট্রাম্পের ভাগ্যনির্ণয়ে ভোট দিলেন পোপ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Election) ভোট দিয়েছেন পোপ চতুর্দশ লিও (Pope Leo)। দেশটির সাধারণ নির্বাচনে ভোট দেওয়া ইতিহাসের প্রথম পোপ হিসেবে নজির গড়লেন তিনি। ভ্যাটিকানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শিকাগোতে ডাকযোগে নিজের ভোট জমা দিয়েছেন তিনি।
সেই সঙ্গেই ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, ‘এদিন পোপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের অধিকার ও কর্তব্যের প্রতি তাঁর বিশ্বাস ব্যক্ত করেছেন।’ এদিকে ব্রিটিশ ইতিহাসবিদ মাইকেল ওয়ালস, যিনি পোপের বিষয়ে বই লিখেছেন, তিনি সিএনএনের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, ”আমি মনে করি না এর আগে কোনও গণতান্ত্রিক নির্বাচনেই কোনও পোপ অংশ নিয়েছেন বলে।”
এদিকে ভ্যাটিকানের প্রেস অফিসের তরফে আরও জানানো হয়েছে, নাগরিক হিসেবে যোগ্যতা থাকা প্রতিটি নির্বাচনেই কিন্তু ভোট দিয়েছিলেন পোপ। এর আগে পেরুতে বসবাসের সময়ও ভোট দিতে দেখা গিয়েছে তাঁকে। দুই দশকেরও বেশি সময় মিশনারি যাজকের দায়িত্ব পালন করেছেন তিনি। জানা যাচ্ছে, পোপ ভোট দিয়েছেন তাঁর ‘আসল’ নামে। রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নামে শিকাগোর শহরতলি নিই লিনক্স ছিল তাঁর ভোটদান কেন্দ্র। তিনি ডাকযোগে নিজের ভোট জমা দিয়েছেন।
এদিকে ট্রাম্প এবং ভ্যাটিকানের পোপের মধ্যে এক তীব্র রাজনৈতিক ও আদর্শগত সংঘাত রয়েছে। ইরান যুদ্ধ থেকে অভিবাসন নীতি, বারবার সেই সংঘাত প্রকাশ্যে এসেছে। বলে রাখা ভালো, আমেরিকায় দু’টি প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক মাঝখানে যে ‘মিডটার্ম ইলেকশন’ হয়, তার গুরুত্ব উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের এটা দ্বিতীয় পর্ব। ২০১৮-তে একটা মিডটার্ম ভোট হয়েছে তাঁর প্রথম পর্বের প্রেসিডেন্সিতে। সে ভোটের ফলটা কিন্তু ছিল বেশ উল্লেখযোগ্য। ট্রাম্পের রিপাবলিকান দল আগের চেয়ে ৪০টা আসন কম পেয়েছিল হাউসে, কিন্তু সেনেটে তারা বেশি পেয়েছিল দু’টি আসন। এবারের নির্বাচনে কী ঘটে সেদিকেই নজর সকলের।
শেয়ার
লিংক



