ঘোষিত মহিলাদের আইপিএলের সূচি, উদ্বোধনী ম্যাচেই স্মৃতিদের সামনে কঠিন প্রতিপক্ষ!

মহিলাদের আইপিএল শুরু কবে? সেই উত্তর পাওয়া গেল বুধবার। মহিলাদের প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা করল বিসিসিআই। বুধবার ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএলের (WPL) পঞ্চম সংস্করণ। এবার দু’টি শহরে হবে টুর্নামেন্ট। বরোদা ও মুম্বইয়ে আয়োজিত হবে মোট ২২টি ম্যাচ। পাঁচ দলকে নিয়ে হবে এই লড়াই।
গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। ১৪ জানুয়ারি বরোদায় উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দুই ভেন্যুতেই হবে ১১টি করে ম্যাচ। প্রথম পর্বের খেলাগুলি হবে বরোদায়। ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব। তার পর প্রতিযোগিতা চলে যাবে মুম্বইয়ে। ২৬ জানুয়ারি থেকে ব্রেবোর্ন স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। লিগ পর্ব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর শুরু হবে নকআউট পর্ব। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। প্লে-অফের ম্যাচগুলিও হবে একই সময়ে।
https://t.co/oCvsjHgcKb
— Women’s Premier League (WPL) (@wplt20) November 4, 2026
৫ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। লিগ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল মুখোমুখি হবে এই ম্যাচে। জয়ী দল ফাইনালে খেলবে। সরাসরি ফাইনালে জায়গা করে নেবে লিগ তালিকার শীর্ষে থাকা দল। ৭ ফেব্রুয়ারি ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল। ডব্লিউপিএলের সূচি ঘোষণার পাশাপাশি প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়েও নয়া ইঙ্গিত মিলেছে। ভবিষ্যতে দল বাড়ানোর কথা ভাবছে বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “আগামী বছর থেকে দলসংখ্যা বাড়ানো এবং প্রতিযোগিতার অন্য যেসব ক্ষেত্রে উন্নতি করা সম্ভব, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু ক্রিকেটাররাই নন, কোচ, নির্বাচক-সহ আরও অনেকেই এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। সকলের ভূমিকা নিয়েই আলোচনা করা প্রয়োজন। আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় প্রতিযোগিতা ডব্লিউপিএল। চার বছরে আমরা অনেকটা পথ এগিয়েছি। এখন মহিলা ক্রিকেটে ভারত আধিপত্য বিস্তার করছে। ভারতীয় মহিলা ক্রিকেটের সাফল্যের নেপথ্যে এই প্রতিযোগিতার বড় অবদান রয়েছে।” উল্লেখ্য, সম্প্রতি নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মলিনু। ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। নতুন মরশুমে তাঁর দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শেয়ার
লিংক



