‘ওর জন্যই…’, নজির গড়ার ম্যাচে উইকেট পেয়ে প্রেমিকার জন্য কী করলেন অর্শদীপ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে আগুন ঝরিয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। ৪ উইকেট নিয়ে নজির গড়ার পাশাপাশি মাঠে তাঁর সেলিব্রেশনও নজর কেড়েছে। সেলিব্রেশনের নেপথ্যে কে জানেন? বাঁহাতি পেসারের ‘হৃদয়হরণী’ সমরিন কৌর। হ্যাঁ ঠিকই শুনছেন। উইকেট পেয়ে পাঞ্জাবি অভিনেত্রীর জন্যই নাচের ভঙ্গিতে সেলিব্রেশন করেছেন ভারতীয় পেসার।
ম্যাচের পর অর্শদীপ নিজেই খোলসা করেছেন রহস্য। তাঁর কথায়, “ওটা আমার বান্ধবীর জন্য। আমরা যখন একসঙ্গে হাঁটতে বের হই বা কোথাও ঘুরতে যাই, তখন এই ধরনের নাচের স্টেপ করি।” মাস কয়েক আগে প্রকাশ্যেই প্রেম জাহির করেছিলেন অর্শদীপ সিং। আদুরে পোস্টে ঘোষণা করেছিলেন, সমরিনের সঙ্গে প্রেম করছেন। সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকে সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। সেই সময় প্রেমিকার পাশে দাঁড়িয়েছিলেন অর্শদীপ। সমরিনের একটি ইনস্টাগ্রাম স্টোরি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নিয়ে সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, ‘বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন’।
জুলাইয়ের আগে পর্যন্ত দু’জনের সম্পর্ক নিয়ে ফিসফাস চলছিল। কখনও ইঙ্গিতবাহী পোস্ট। কখনও মুখ লুকিয়ে হাতে হাত রেখে পোস্ট। আবার কখনও স্রেফ নখের ছবি দিয়ে স্টোরি… এইভাবে ‘চোরি চোরি চুপকে চুপকে’ প্রেমকাহিনি চলছিল। অবশেষে দুনিয়ার সঙ্গে প্রেমিকার পরিচয় করান অর্শদীপ। ছবি দিয়ে বলেন ‘মাই পার্সন’। এবার মাঠেও প্রেমিকার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন অর্শদীপ। উইকেট নেওয়ার পর তাঁর বিশেষ নাচ বুঝিয়ে দিল, ক্রিকেটের ময়দানেও ব্যক্তিগত মুহূর্তের ছোঁয়া রাখতে ভোলেননি তিনি।
Another catch by Virat Kohli One more wicket for Arshdeep Singh What a celebration by Arshdeep Singh 🤔 what does it mean anyone knows? https://t.co/UUGOPhhq54
— BackToLobby (@_backtolobby) November 4, 2026
অন্যদিকে, ওয়ানডেতে পাওয়ার প্লে-তে বল হাতে রেকর্ড গড়েছেন অর্শদীপ। মাত্র ১৮টি ইনিংসে নতুন বলে ১৭টি উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন বাঁহাতি পেসার। ৭১ ওভার বল করে তাঁর বোলিং গড় ২০.১৭। ইকোনমি রেট ৪.৮৩। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন অর্শদীপ। নতুন বলে তাঁর এই ধারাবাহিকতা ভারতীয় বোলিং আক্রমণকে বাড়তি শক্তি জোগাচ্ছে।
অর্শদীপের পাশাপাশি ভারতীয় বোলিংয়ে দাপট দেখালেন গুর্নুর ব্রার, অংশুল কম্বোজরা। গুর্নুর নিলেন ৩ উইকেট। কম্বোজের শিকার ২ উইকেট। ভারতীয় বোলারদের দাপটে ইডেন পার্কে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। এত সবের মাঝেও ভাইরাল অর্শদীপের সেলিব্রেশন।
শেয়ার
লিংক



