ফেডারেশন নির্বাচনে হাত মেলাচ্ছেন প্রফুল-অরবিন্দ, চাপে শাসক গোষ্ঠী!

২০ ডিসেম্বর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন। স্বাভাবিক ভাবেই শাসক গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠীর কর্তারা নিজেদের মতো করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। তবে এবারের ফেডারেশনের ভোটের পরিস্থিতি, চার বছরের আগের ভোটের থেকে কিঞ্চিত আলাদা। চার বছর আগে কেন্দ্রের শাসক দলের সমর্থন পেয়েছিলেন ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে। ফলে ফুটবল ফেডারেশনের সভাপতি পদে একপ্রকার বিনা পরিশ্রমেই বসে গিয়েছিলেন।
এবার অবশ্য এখনও পর্যন্ত পরিস্থিতি ভিন্ন। কেন্দ্রের শাসক দল এখনও পর্যন্ত ফেডারেশন নির্বাচনে সামান্যতম নাক গলায়নি। শাসক-বিরোধী, কোনও দিকেই আপাতত কেন্দ্রের শাসক দলের তরফে কোনও নির্দেশ নেই। ফলে এখনও পর্যন্ত মনে হচ্ছে, রাজ্য ফুটবল সংস্থাগুলি চার বছরের জন্য নিজেদের মতো করে তাদের সভাপতি বেছে নিতে পারবেন। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের এই নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতির দুই প্রভাবশালী ব্যক্তি একসঙ্গে হাত মিলিয়ে ফেলায়, বিরোধী গোষ্ঠী মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। একজন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল। অপরজন বিজেপি নেতা, উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেনন। দু’জনেই একসঙ্গে হাত মিলিয়ে ফেডারেশনের পরবর্তী নির্বাচনে নিজেদের টিম তৈরি করছেন।
শুরুতে রাজি না থাকলেও ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল এই মুহূর্তে ফেডারেশনের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছেন। কারণ, ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত হয়ে বেশ কিছু রাজ্য সংস্থা নিজেরাই যোগাযোগ করেন প্রফুল প্যাটেলের সঙ্গে। তাঁর সময়েই ভারতীয় দল একাধিকবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাঁর সময়েই একাধিক কর্পোরেট এগিয়ে এসে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করেছে। তাঁর সময়েই ভারত অনূর্ধ-১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছে। এই মুহূর্তে যেভাবে কর্পোরেট সংস্থাগুলি একের পর এক ভারতীয় ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাতে রীতিমতো আর্থিক সমস্যায় পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল।
এই সব কারণেই ফেডারেশনের কার্যকরী কমিটির অনেক সদস্য চাইছেন, ফেডারেশনের দায়িত্ব নিক প্রফুল প্যাটেল। তবে কিছুদিন আগের থেকেই আইএসএলের জট খুলতে যেভাবে আইএসএলের ক্লাবগুলিকে নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে মিটিং করেছিলেন তিনি, তখনই মনে হয়েছিল, ধীরে ধীরে ভারতীয় ফুটবল ফেডারেশনের দিকে এগোচ্ছেন। আর ফেডারেশন কর্তারা থাকতেও আইএসএলের ক্লাবগুলি তাঁর সঙ্গে আইএসএলের জট খোলার জন্য মিটিং করেন।
এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন পেশ না করলেও প্রফুল প্যাটেল যে ফেডারেশনের সভাপতির পদে ফের আসতে আগ্রহী হয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। এরই মধ্যে বিজেপি নেতা, যিনি এর আগে বাংলায় বিজেপির তরফে সব পর্যেবক্ষক ছিলেন সেই অরবিন্দ মেননও ভারতীয় ফুটবল ফেডারেশন নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। প্রসঙ্গত, অরবিন্দ মেনন নিজে উত্তরপ্রদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। ফলে ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনও অসুবিধাই হওয়ার কথা নয়। তবে তিনি প্রফুল প্যাটেলের বিরোধী গোষ্ঠীতে লড়াই করতে রাজি নন। ফেডারেশনে আসতে চাইছেন প্রফুল প্যাটেলের সঙ্গে হাত মিলিয়ে।
এই বিষয়ে ইতিমধ্যেই প্রফুল প্যাটেলের সঙ্গে অরবিন্দ মেননের একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। কিন্তু কে কোন পদে ফেডারেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে কিছুই সিদ্ধান্ত হয়নি। বিরোধী গোষ্ঠীর সদস্যরা এই পুরো বিষয়টি দুই অভিজ্ঞ নেতার উপরেই ছেড়ে দিয়েছেন। ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যেই প্রফুল প্যাটেল এবং অরবিন্দ মেনন কিছুদিনের মধ্যেই নিজেদের আলোচনা করে নিজেদের পদের অবস্থান জানিয়ে দেবেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, প্রফুল প্যাটেল এবং অরবিন্দ মেননের মতো দুই হেভিওয়েট ব্যাক্তিত্ব একসঙ্গে হাত মেলালে, বিরোধী গোষ্ঠীর পাল্লা অনেকটাই ভারী হয়ে যায়। যদিও কল্যাণ চৌবেও তাঁর মতো করে বিভিন্ন রাজ্য সংস্থার কর্তাদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছেন। তিনিও ঘনিষ্ঠ মহলে সতীর্থদের জানাচ্ছেন, শেষ পর্যন্ত তিনিই জিতবেন।
গতবার কেন্দ্রের শাসক দলের আশীর্বাদ পেয়ে তিনি ফেডারেশেন সভাপতি হয়েছিলেন। শেষ মুহূর্তে ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই আশীর্বাদের হাত এবারও মাথায় পেতে। আর সেটা যদি তিনি শেষ মুহর্তে ফের করতে পারেন, তাহলে হয়তো নির্বাচনটাই হবে না। কিন্তু প্রফুল প্যাটেল আর অরবিন্দ মেনন একসঙ্গে হাত মিলিয়ে ফেলায়, ফেডারেশন নির্বাচন ঘিরে পুরো পরিস্থিতিটাই বদলে গিয়েছে।
শেয়ার
লিংক



