0%

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সীমান্তবাসীদের জন্য আরও ৭৯৬টি পারিবারিক বাঙ্কার তৈরি: জিতেন্দ্র সিং

 

জম্মু, ১১ নভেম্বর : জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগর সেক্টরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় নতুন করে ৭৯৬টি পারিবারিক বাঙ্কার তৈরি করা হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাঠুয়া-উধমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ জিতেন্দ্র সিং।

 

এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ২০১৮ সাল থেকে নির্মিত ২,০০০-এরও বেশি পারিবারিক বাঙ্কারের পাশাপাশি নতুন ৭৯৬টি বাঙ্কার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ।

 

উল্লেখ্য, সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর এখনও পর্যন্ত প্রায় ৯,৫০০টি ব্যক্তিগত ও কমিউনিটি বাঙ্কার নির্মাণ করা হয়েছে। পুঞ্চ, রাজৌরি, জম্মু, কাঠুয়া, সাম্বা এবং উত্তর কাশ্মীরের বারামুলা ও কুপওয়ারার মতো স্পর্শকাতর এলাকায় এই বাঙ্কার তৈরি করা হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির পর ব্যক্তিগত পারিবারিক বাঙ্কার নির্মাণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও স্থানীয় প্রশাসন। বড় কমিউনিটি বাঙ্কারের পরিবর্তে বাড়ির কাছেই ছোট পারিবারিক বাঙ্কার তৈরির প্রতি বাসিন্দাদের আগ্রহ বাড়ছে। কারণ গোলাবর্ষণ শুরু হলে দ্রুত সেখানে আশ্রয় নেওয়া সম্ভব। বারামুলা জেলার উরিতেও ৫০০-র বেশি নতুন বাঙ্কার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু বিভাগের পাঁচটি জেলা—জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চে মোট ১৪,৪৬০টি বাঙ্কার নির্মাণের অনুমোদন দিয়েছিল। এর মধ্যে ১৩,০২৯টি ব্যক্তিগত এবং ১,৪৩১টি কমিউনিটি বাঙ্কার। প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছিল ৪১৫.৭৩ কোটি টাকা।

 

বর্তমানে জম্মু বিভাগেই প্রায় ৮,০০০টি বাঙ্কারের নির্মাণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজৌরিতে ২,৬০০-র বেশি, সাম্বায় ১,৫৬০-র বেশি, কাঠুয়ায় ১,৫০০-র বেশি, জম্মুতে ১,১৬০-র বেশি এবং পুঞ্চে ৯২০-র বেশি বাঙ্কার তৈরি হয়েছে।

 

কেন্দ্রীয় সরকারের অর্থায়নে নিরাপত্তা সংক্রান্ত ব্যয় কাঠামোর আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে আন্তঃসীমান্ত গোলাবর্ষণ থেকে রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

_______

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker