শূন্যে আউট হেনরির বলে, সেই কিউয়ি পেসারকে ‘বিরাট’ উপহার! কোহলির সৌজন্যে মুগ্ধ নেটপাড়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। যদিও মাঠের বাইরে কোহলি অন্য মানুষ। যে বোলারের বলে আউট হয়েছেন, তাঁর হাতেই তুলে দিলেন নিজের সই করা জার্সি। ম্যাচ শেষে কোহলির এই সৌজন্যে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
চতুর্থ ওয়ানডের পর নিউজিল্যান্ড ক্রিকেট একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, হেনরির হাতে নিজের জার্সি তুলে দিচ্ছেন কোহলি। করিডরে দাঁড়িয়ে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তবে তাঁরা কী কথা বলেছেন, তা পরিষ্কার শোনা যায়নি। তবে হেনরির বলে আউট হওয়ার প্রসঙ্গ তুলে কোহলিকে বলতে শোনা যায়, “আমাকে আউট করার জন্য বলটা সত্যিই দুর্দান্ত ছিল।” চোখে সরাসরি সূর্যের আলো পড়ায় কিছুটা অসুবিধা হয়েছিল বলেও জানান তিনি। তবে নিউজিল্যান্ড ৩৩৩ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে পিচে যে এমন পরিবর্তন আসবে, তা ভাবেননি। পাশাপাশি, পরের ম্যাচেও পিচের চরিত্রে বিশেষ বদল হবে না বলে মন্তব্য করেন কোহলি।
বল হাতে আগুন ঝরিয়েছেন হেনরি। ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। ম্যাচের পর হেনরি বলেন, “জোরে হাওয়া বইছিল বলে আমার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। খুব সাধারণ একটা পরিকল্পনা নিয়েই এগিয়েছি। ভাগ্যও কিছুটা সাহায্য করেছে। বাতাসের কারণে সুইং নিয়ে খুব বেশি ভাবতে হয়নি। প্রথম বল থেকেই নিজের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে চেয়েছিলাম। জানতাম, নতুন বলে সাফল্য পাওয়ার জন্য হাতে খুব বেশি সময় নেই। সেই সুযোগ কাজে লাগিয়েই ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করেছি।”
হেনরির দাপটের শুরু প্রথম বল থেকেই। ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন তিনি। ক্রিজে আসেন কোহলি। শুরুতেই হেনরির আউটসুইং ব্যাটের কান ঘেঁষে বেরিয়ে যায়। কোনও রকমে বেঁচে যান কোহলি। তৃতীয় বলে স্টাম্প লক্ষ্য করে আসা বল শর্ট মিডউইকেটে পুশ করেন। চতুর্থ বলেও সতর্ক ছিলেন। কিন্তু পরের বলেই সব শেষ! হেনরির বল ভিতরের দিকে ঢুকে কিছুটা নিচু হয়ে যায়। কোহলি ব্যাট লাইনে ছিল না। বল সোজা গিয়ে লাগে স্টাম্পে। শূন্য রানেই শেষ হয় কোহলির ইনিংস। মাঠে হেনরির বলে পরাস্ত হলেও তাঁর দক্ষতার প্রশংসা করতে দ্বিধা করেননি কোহলি। কিউয়ি পেসারকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছেন তিনি।
শেয়ার
লিংক



