0%

কামিন্স নেতৃত্ব হারালে টেস্ট খেলা ছেড়ে দেবেন! খোয়াজাকে একহাত অজি পেসার হ‌্যাজেলউডের 

অস্ট্রেলীয় পেসার জশ হ‌্যাজেলউড আট বছর আগের সমগ্র ‘স‌্যান্ডপেপারগেট’ নিয়ে স্রেফ দু’টো প্রশ্নের উত্তর দিতে চান।
১) বলে সিরিশ কাগজ ঘষার পরিকল্পনা তিনি আগাম জানতেন কি না?
২) বলে সিরিশ কাগজ ঘষার পরিকল্পনা তিনি করেছিলেন কি না?
‘‘দু’টো প্রশ্নের উত্তরই না। আমি দু’টো বিষয়ের একটাও জানতাম না। না, সিরিশ কাগজ ঘষার কথা আমি আগে জানতাম। না, সেই পরিকল্পনায় আমি ছিলাম,’’ শনিবার এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন হ‌্যাজেলউড। 

প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক উসমান খোয়াজার বই ‘স‌বর’ আট বছরের পুরনো ‘স‌্যান্ডপেপারগেট’ নিয়ে এমনই নতুন বিতর্কের দাবানল সৃষ্টি করেছে যে, নিত‌্য তাতে পুড়ছে অস্ট্রেলীয় ক্রিকেট। নিজের আত্মজীবনীতে খোয়াজা লিখে দেন, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বলে সিরিশ কাগজ ঘষার পরিকল্পনা গোটা টিম জানত। কিন্তু অপরাধী হিসেবে কাঠগড়ায় তোলা হয় তিনজনকে। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক‌্যামেরন ব‌্যানক্রফটকে। এঁরা তিনজন প্রত‌্যেকে কম-বেশি মেয়াদের জন‌্য নির্বাসিত হন। কিন্তু খোয়াজা আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ‌্য দিয়েছেন, তাতে পুরো অস্ট্রেলিয়া টিম জড়িয়ে গিয়েছে। সবার প্রথমে ডেভিড ওয়ার্নার নেমে যান খোয়াজার বক্তব‌্যকে সমর্থন করতে। দিন কয়েক আগে ক‌্যামেরন ব‌্যানক্রফট মুখ খোলেন। কিন্তু পালটাও আসতে শুরু করে। মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক প‌্যাট কামিন্স– প্রত‌্যেকে নস‌্যাৎ করে দেন খোয়াজার দাবি। কামিন্স তো রেকর্ড ৭৪ মিনিটের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দেন, খোয়াজা যা বলছেন, সর্বৈব মিথ‌্যে। এই খোয়াজাকে তিনি চেনেন না!

ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে আট বছরের পুরনো বিতর্কে ঢুকতে চায়নি। কিন্তু তারা প্রচ্ছন্ন ভাবে কামিন্সের সমর্থনেই দাঁড়িয়ে পড়েছে। তারা ঠারেঠোরে জানিয়ে দিয়েছে, যতই তোলপাড় চলুক, কামিন্সকে তারা নেতৃত্ব থেকে সরাবে না। শনিবার হ‌্যাজেলউড প্রাক্তন সতীর্থ খোয়াজার দাবিকে শুধু উড়িয়েই দিলেন না। একই সঙ্গে প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, কামিন্সের যদি অধিনায়কত্ব চলে যায় উদ্ভূত বিতর্কের জেরে, তাহলে তিনিও টেস্ট থেকে অবসর নিয়ে নেবেন!

‘‘অবশ‌্যই বিষয়টা নিয়ে বিশদে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। কিন্তু পরিস্থিতি যদি সে রকম হয়, কে বলতে পারে, আমি টেস্ট খেলা ছেড়ে দেব না?’’ বলে দিয়েছেন হ‌্যাজেলউড। সাফ বলেছেন, ‘‘কেপ টাউন টেস্টের দু’তিনদিনের মধ‌্যে আমাদের সঙ্গে কথা বলা হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, বলে সিরিশ কাগজ ঘষার কথা আমরা জানতাম কি না? আমার মতে, যে দু’টো প্রশ্নের কথা বললাম, সেটাই আসল। উসমান ধরে নিয়েছে, সবাই জানত বলে সিরিশ কাগজ ঘষার কথা। কিন্তু ধরে নেওয়া, আর পুরোটা জেনে কথা বলার মধ‌্যে বিস্তর ফারাক। আমি পুরোপুরি প‌্যাটকে সমর্থন করছি। গত পাঁচ-ছ’বছর ধরে অধিনায়ক হিসাবে ও যা করেছে, গত সপ্তাহে সাংবাদিক সম্মেলনে যা যা বলেছে, তাকে সমর্থন করি আমি। অসাধারণ নেতা প‌্যাট। সোজাসুজি বলছি, যদি এবার দেখি আমরা টেস্ট খেলছি, আর প‌্যাট অধিনায়কত্ব করছে না, জানি না তারপর কী হবে? তারপর কী করব?’’

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker