0%

আরও বিপাকে ব্রাত্য বসু! যৌন হেনস্থার পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ

SOBDIK NEWS: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে। যদিও সেসব অস্বীকার করে তাঁর দাবি, অভিযোগকারিণীকে চোখেই দেখেননি। এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে উঠল প্রাতিষ্ঠানিক দুর্নীতির (Institutional Corruption) অভিযোগ। রাজ্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে খবর।

ব্রাত্যের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠতেই তদন্তের নির্দেশ | (Bratya Basu)

পালাবদলের পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন গঠন করেছে রাজ্য সরকার। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সেই কমিশনের কাছে ব্রাত্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে থাকাকালীন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নানা দুর্নীতিতে জড়িয়েছিলেন। অ্যাকাডেমির তরফ থেকে দেওয়া নানা পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রেও দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে, ইতিমধ্যে এই দুর্নীতি সংক্রান্ত নানা নথি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের দফতরে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবারের অভিযোগ প্রসঙ্গে ব্রাত্য বলেন, “অভিযোগ জমা পড়ে থাকলে তদন্ত হোক। আমার কোনও সমস্যা নেই।“

আরও পড়ুনঃ সরকারি কর্মচারীর বদলিতে মানবিকতার উপর জোর! বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যে এই নিয়ে জিরো এফআইআর দায়ের হয়েছে। ব্রাত্য ও পুজোর পাস সংক্রান্ত মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ রয়েছে।

দুই মহিলার অভিযোগ, তাঁদের ফোনে কুপ্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য। রাজি না হওয়ায় বদলি সহ নানাভাবে হেনস্থা করা হয়। যদিও সেসব অস্বীকার করেন প্রাক্তন মন্ত্রী। উল্টে এক অভিযোগকারিণীকেই নিশানা করে বলেন, “আসলে উনি আমায় কুপ্রস্তাব দিয়েছেন। আমি তাতে রাজি হইনি। সেই কারণে এখন খেপে গিয়ে বলছেন।“

অভিযোগের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন মন্ত্রীর দাবি, এর পিছনে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে। আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও এবারের অভিযোগের ক্ষেত্রে স্পষ্ট বলেছেন, অভিযোগ জমা পড়ে থাকলে তদন্ত হোক। তাঁর কোনও সমস্যা নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker