চোট সমস্যা নিয়েই এএফসি যুদ্ধে ইস্টবেঙ্গল, ডার্বির আগে জিতে দলকে চাঙ্গা রাখতে চাইছেন গুরু হাবাস

এএফসির পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। কিন্তু তবুও কিছুটা তো আশা এখনও আছে। তবে পরের রাউন্ডে যাওয়ার জন্য সেই সামান্য ‘আশা’ বাঁচিয়ে রাখতে হাবাসের ইস্টবেঙ্গলকে মঙ্গলবার জর্ডনের আল হুসেইনকে হারাতেই হবে (East Bengal vs Al Hussein)। এরকম নয় যে, আল হুসেইনকে হারানো সম্ভব নয়। জর্ডনের মাটিতেই আল হুসেইনের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিলেন হাবাসের ছেলেরা। কিন্তু এই মরশুমে আইএসএলে শেষ চার ম্যাচে ৯ গোল খাওয়ার পর, ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে সত্যিই এখন আর কিছুই ভরসা করা যায় না। যে কোনও সময় যা কিছু ঘটতে পারে। তার উপর আল হুসেইনের বিরুদ্ধে ঘরের মাঠে যখন জিততেই হবে, এরকম পরিস্থিতিতে হাবাসকে ডিফেন্স সাজাতে হচ্ছে, আনোয়ারকে বাদ দিয়ে।
সাফে খেলে সবে ফিরেছেন বলে, ক্লান্তি কাটাতে আগেরদিন এসসি দিল্লির বিরুদ্ধে সন্দীপ মান্ডিকে খেলাননি হাবাস। তবে মনে হচ্ছে, এএফসি ম্যাচ থেকেই ফের প্রথম দলে ফেরানো হবে সন্দীপকে। সঙ্গী স্টপার অবশ্যই জিভুলিচ। কিন্তু তাতেও কি খুব একটা হেরফের হবে ইস্টবেঙ্গল দলে?
মরশুমের শুরুর আশা জাগিয়ে শুরু করা হাবাসের দল আইএসএলের পর পর দুটো ম্যাচে চেন্নাইয়িন আর এসসি দিল্লির কাছে যেভাবে গোল খেয়েছে, তাতে তাদের উপর সমর্থকদের হাতাশা আসাটা স্বাভাবিক। এএফসির কথাও যদি ধরেন, এই আল হুসেইনের বিরুদ্ধেই ২ গোলে এগিয়ে থেকে প্রথম লেগে ২ গোল খেয়েছে। এখানে শেষ ম্যাচে আল সিব-এর বিরুদ্ধে একের পর এক গোলের সুযোগ নষ্ট করে শেষ মুহূর্তে ২ গোল খেয়েছে। সেই ম্যাচে অবশ্য জিভুলিচ আর সন্দীপ মান্ডিই স্টপারে খেলেছেন। কিন্তু আনোয়ার না খেলায়, ডিফেন্স নিয়ে যে সমস্যায় হাবাসকে মুখোমুখি হতে হয়েছে, সেই সমস্যা মঙ্গলবার আল হুসেইনের বিরুদ্ধে হবে না, এরকম কোনও গ্যারান্টি নেই। ইস্টবেঙ্গল কোচ অবশ্য বলছেন, “এই ম্যাচটার জন্য আমরা ভালোভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতিটা একবার ভাবুন। সেভাবে দেখতে গেলে, সপ্তাহে ঠিকভাবে আমরা মাত্র এক দিনই প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। একই সপ্তাহের মধ্যে আইএসএলের ম্যাচের পাশাপাশি এএফসির ম্যাচ। এবার ম্যাচের আগের দিন আর পরের দিন প্র্যাকটিস করার সুযোগই থাকে না। তার উপর ক্লান্তি। ফলে ঠিকভাবে যে কোনও ম্যাচের প্রস্তুতি নেব, সেটাই সম্ভব হচ্ছে না। এর প্রভাবই ম্যাচে পড়ছে।”
হাবাস আর আল হুসেইনের কোচ টোরেসের মধ্যে অনেক আগের থেকেই চেনাজানা। হাবাস যখন ভ্যালেন্সিয়ার কোচ, আল হুসেইন কোচ টোরেস তখন তাঁর অধীনে খেলেছেন। আবার টোরেসের কোচিংয়ে মালয়েশিয়াতে খেলেছেন রামিরেজ। ফলে এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে আল হুসেইন কোচ বলছিলেন, “ভালোই হল। অনেকদিন পর পুরনো লোকজনদের সঙ্গে দেখা হল।”
শুধু যে আনোয়ার নেই, সেরকম নয়। চোটের জন্য এডমুন্ডও নেই। এই ম্যাচের পরেই আবার আইএসএলের ডার্বি। হাবাস বলছিলেন, “আনোয়ার, এডমুন্ড দু’জনেই গুরুত্বপূর্ণ ফুটবলার। ওরা না থাকাতে অবশ্যই ক্ষতি। কিন্তু আবার এটাও ঠিক, এই সুযোগে অনেক ফুটবলার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। যারা হাতে রয়েছে, তাদের নিয়েই এখম পরিকল্পনা করছি। বিশ্বাস করি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ফুটবলার আমাদের রয়েছে।”
এদিন সাংবাদিক সম্মেলনে লোবাকে সঙ্গে করেই এসেছিলেন হাবাস। কিন্তু লোবা কি মঙ্গলবার আল হুসেইনের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন? সরাসরি উত্তর না দিয়ে লোবাকে দেখিয়ে হাবাস বললেন, “অবশ্যই শুরু থেকে খেলার সুযোগ রয়েছে। এর পর যদি দেখা যায় ও না খেলে, তাহলে ধরে নিতে হবে ও নিজেই খেলতে চাইছে না।” বলেই মুচকি হাসলেন হাবাস। কিন্তু চার ম্যাচে ৯ গোল খাওয়া? হাবাস বললেন, “একটা ম্যাচ (চেন্নাই) দিয়ে আমাদের রক্ষণকে বিচার করা ঠিক নয়। ফুটবলে অনেক সময় অঘটন ঘটে যায়। কিন্তু সেটা ভুলেই এগিয়ে যেতে হবে।”
হাবাসের কথা মতো ইস্টবেঙ্গলকে নতুন ভাবে দেখতে পেলেই মঙ্গল। নাহলে এর প্রভাব আবার আইএসএলের ডার্বিতে গিয়ে পড়বে।
আজ এসিএল টু-গ্রুপ স্টেজে
ইস্টবেঙ্গল বনাম আল হুসেন, যুবভারতী, সন্ধ্যা ৭.১৫
সরাসরি ফ্যানকোড
শেয়ার
লিংক



