0%

আইপিএলের নিলামে নাম ১১ বাংলাদেশির, অবসরের পর ফিরছেন বেন স্টোকসও

আইপিএলে বাংলাদেশিদের খেলানো নিয়ে কি অবস্থান বদলে ফেলল বিসিসিআই? গত মরশুমে যে মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে এত নাটক-এত বিতর্ক। সেই মুস্তাফিজুর এবারের আইপিএলে না এলেও তাঁর ১১ সতীর্থ কোটি টাকার লিগে নাম পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশি প্রশ্নে কি অবস্থান বদলে ফেলল ভারতীয় বোর্ড।

সূত্রের খবর, আইপিএলের ক্রিকেটার নথিভুক্তকরণের জন্য আর পাঁচটা দেশের বোর্ডের কাছে যেমন প্রস্তাব পাঠিয়েছে বিসিসিআই, তেমনই প্রস্তাব পাঠানো হয় বাংলাদেশ বোর্ডের কাছেও। ভারতীয় বোর্ডের সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ১১ জন বাংলাদেশি ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার হাসান, ব্যাটার তৌহিদ হৃদয়রা। এখন দেখার আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি এদের কেনে কিনা।

গত বছর মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে বিস্তর নাটক হয়েছে। ৯.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে বোর্ড নির্দেশ দেয় ফিজ-কে খেলাতে পারবে না নাইটরা। নিরাপত্তার কথা ভেবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জল অনেক দূর গড়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি তোলে বাংলাদেশ। তারপর নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়। বস্তুত সেসময় দেশজুড়ে বাংলাদেশ বিরোধী হাওয়া চরমে ছিল। ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রবল আপত্তি ছিল এ দেশের হিন্দুত্ববাদীদের একটা বড় অংশের। হাওয়া কিছুটা বদলেছে। বাংলাদেশে সরকার বদলের পর বিসিসিআই এবং বাংলাদেশ বোর্ডের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আলোচনা চলছে। সম্ভবত সেই সম্পর্কের উন্নতির সুবাদেই বাংলাদেশিদের জন্য আইপিএলের দরজা ফের খুলছে। তবে এখনও একটা বিষয় অস্পষ্ট। বাংলাদেশিদের জন্য দরজা খোলাটা শুধুই প্রতীকী নাকি সত্যিই তাঁদের দলে নেওয়া হবে?

সূত্রের খবর, আইপিএল নিলামের জন্য প্রাথমিক ভাবে ১২২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ১১ জন বাংলাদেশি। মোট ৯৩৯ জন ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে রয়েছেন শেহওয়াগ পুত্র আর্যবীরও। অন্য দেশের ক্রিকেটার রয়েছেন ২৮১ জন। এঁদের মধ্যে সবচেয়ে বড় নাম বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করার জন্য গত আইপিএলে আসেননি তিনি। কিন্তু এবার তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই ব্যস্ততা না থাকায় আবার আইপিএল খেলতে চান তিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যে বিদেশি ক্রিকেটারেরা আইপিএলের মেগা নিলামে থাকেন না, তাঁদের মিনি নিলামে নাম লেখাতে দেওয়া হয় না। তবে স্টোকসকে বিশেষ অনুমতি দিয়েছে বিসিসিআই। স্টোকসের মতো ক্রিকেটার খেললে আইপিএলের আকর্ষণ বাড়বে। সেকারণেই ওই সিদ্ধান্ত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker