0%

সংসদে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ? লোকসভা সচিবালয়ের বড় ইঙ্গিত

নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে অংশ নিতে পারবেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ। তাঁদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে সাংসদ পদ খারিজের প্রক্রিয়া চললেও, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ভাবে পদ খারিজ না হওয়া পর্যন্ত তাঁদের ভোটদানের অধিকার থাকবে বলে লোকসভা সচিবালয় সূত্রে ইঙ্গিত মিলেছে। সোমবার থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনের আগে এই বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে শাসক শিবিরের অঙ্কে ওই সাংসদদের ভোট গুরুত্বপূর্ণ হতে পারে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এই সাংসদদের ভোটদানের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য, ২০ জনের সাংসদ পদ খারিজের দাবিতে আবেদন জমা পড়ার পর ছ’মাস পেরিয়ে গেলেও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় বিশেষ অধিবেশনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

লোকসভা সচিবালয়ের সূত্রের বক্তব্য, কারও বিরুদ্ধে বহিষ্কারের আবেদন বিচারাধীন থাকলেই তাঁর সংসদীয় অধিকার কেড়ে নেওয়া যায় না। সাংসদ পদ আনুষ্ঠানিক ভাবে খারিজ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্য সংসদের অধিবেশনে যোগ দিতে এবং ভোট দিতে পারবেন। অর্থাৎ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ২০ জনের ভোটাধিকার বহাল থাকার কথা।

চলতি বছরের জুনে পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের পর কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ দল ছাড়েন। পরে তাঁরা ন্যাশনাল সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানান। লোকসভায় তৃণমূলের সাংসদদের থেকে আলাদা বসার ব্যবস্থাও চেয়েছিলেন তাঁরা। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেন।

এর পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ২০ জনের সাংসদ পদ খারিজের দাবিতে পৃথক আবেদন জমা দেন। ২০২৬ সালের ২৬ অগস্ট তাঁদের কাছে নোটিস পাঠায় লোকসভা সচিবালয়। একাধিকবার সময় বাড়ানোর পর গত ২৪ নভেম্বর নিজেদের বক্তব্য লিখিত ভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন অভিযুক্ত সাংসদেরা।

এখন তাঁদের জবাব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। অন্যদিকে, এই প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল। ফলে বিশেষ অধিবেশনে ২০ বিদ্রোহী সাংসদের ভোটের পাশাপাশি তাঁদের সাংসদ পদ নিয়ে স্পিকারের সিদ্ধান্তের দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! থিরুপারানকুন্দ্রম পাহাড়ে দীপম জ্বলবে শনিবারই!

প্রমান ছাড়াই NGO র লাইসেন্স বাতিলের আবেদন ! হাইকোর্টে ধাক্কা খেল মোদী সরকার

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker