কত আয়, কত সোনা, ব্যাঙ্কে কত টাকা? সামনে এল অভিষেকের সব সম্পত্তির হিসেব

বাংলা হান্ট ডেস্ক : ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee) বাংলার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পত্তি ও আয়ের পরিমাণ নিয়েও বরাবরই কৌতূহল থাকে সাধারণ মানুষের মধ্যে।
কত সম্পত্তির মালিক অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)
২০২৪ সালের লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নথি থেকেই সামনে এসেছে তাঁর আয়, সঞ্চয় ও সম্পদের খুঁটিনাটি তথ্য। হলফনামার তথ্য বলছে, অভিষেকের নামে কোনও বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ি কিংবা বাণিজ্যিক সম্পত্তি নেই। তবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিমা ও মূল্যবান ধাতু মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ কম নয়।
গত কয়েক বছরে তাঁর আয় কখনও বেড়েছে আবার কখনও কমেছে। ২০১৮-১৯ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০১৯-২০-তে সেই অঙ্ক নেমে আসে ৬৭ লক্ষ ৩২ হাজার ৩৭০ টাকায়। এরপর ২০২০-২১ সালে তাঁর আয় এক লাফে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা। ২০২১-২২ সালে আয় হয় ৯০ লক্ষ ৫০ হাজার ৬৪৩ টাকা। আর ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা।
অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জীর আয়ের পরিমাণও হলফনামায় উল্লেখ করা হয়েছে। ২০১৮-১৯ সালে তাঁর আয় ছিল ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেন ৫৯ লক্ষ ৩ হাজার ৪৪০ টাকা। ২০২০-২১ সালে সেই অঙ্ক বেড়ে হয় ৭৯ লক্ষ ৫ হাজার ১৭০ টাকা। ২০২১-২২ সালে তাঁর আয় ছিল ৬০ লক্ষ ৬৫ হাজার ৯৯৯ টাকা। যদিও ২০২২-২৩ সালের আয়ের কোনও তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি।
সম্পদের খতিয়ান অনুযায়ী, ২০২৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। এছাড়াও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা রয়েছে। একটি অ্যাকাউন্টে ২ লক্ষ ২৬ হাজার ১৯১ টাকা, অন্য একটি অ্যাকাউন্টে ১০ লক্ষ ৮০ হাজার ৭০২ টাকা, তৃতীয় অ্যাকাউন্টে ২২ লক্ষ ৫২ হাজার ৬১২ টাকা এবং আরও একটি অ্যাকাউন্টে ৪৯ লক্ষ ২৪ হাজার ৪০৩ টাকা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও একটি অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা রয়েছে বলে হলফনামায় জানানো হয়েছে।
হলফনামায় তাঁর জীবন বিমার উল্লেখ রয়েছে। অভিষেকের নামে মোট তিনটি এলআইসি পলিসি রয়েছে, যার মূল্য যথাক্রমে ১০ লক্ষ, ১৫ লক্ষ এবং ৬ লক্ষ টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা সোনা রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকার। অন্যদিকে তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকার সোনা। পাশাপাশি অভিষেকের কাছে থাকা রুপোর মূল্য ৩ হাজার ৩৪০ টাকা এবং রুজিরার কাছে থাকা রুপোর মূল্য ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা বলে হলফনামায় দাবি করা হয়েছে।

আরও পড়ুন : ‘বেড নেই’ অজুহাত নয়, রোগী ফেরালে কড়া ব্যবস্থা! স্বাস্থ্যকর্তাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা।



