‘সিরাজকে বাদ দেওয়ার কারণ কী?’, গম্ভীরকে তুলোধোনা সৌরভের

মহম্মদ সিরাজ কি এখন ভারতীয় দলে ব্রাত্য? এই প্রশ্নটা অহেতুক নয়। কারণ তাঁকে তো বাদ দেওয়াই হয়েছে। পরে আকাশ দীপ কনকাশন সাব হলে দলে নেওয়া হয় প্রসিদ্ধ কৃষ্ণকে। কিন্তু সিরাজ বাদই থাকেন। যা নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করতে ছাড়লেন না প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যেই প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সরাসরি জানতে চাইলেন, কেন বাদ দেওয়া হল অভিজ্ঞ এই পেসারকে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত যখন চাপে, তখন অভিজ্ঞ বোলারদের বাইরে রাখার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সৌরভ। তাঁর মতে, এমন পরিস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষার চেয়ে ম্যাচ জেতাই হওয়া উচিত দলের প্রধান লক্ষ্য।
এক অনুষ্ঠানে সৌরভ জানান, ভারতীয় সময় ভোর তিনটেয় উঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দেখতে বসেছিলেন তিনি। কয়েক ওভার খেলা দেখার পরিকল্পনা ছিল। কিন্তু প্রথম একাদশে সিরাজের নাম না দেখে অবাক হন। সৌরভের কথায়, “ভোর তিনটেয় উঠে আমি দলের তালিকা দেখেছিলাম। কিন্তু সেখানে সিরাজের নাম না থাকায় অবাক হয়েছি। বুমরাহর বয়স বাড়ছে। হয়তো ভবিষ্যতের কথা মাথায় রেখে গম্ভীর তরুণ বোলারদের সুযোগ দিতে চাইছে। তবে এমন পরিস্থিতিতে কোচের প্রধান লক্ষ্য হওয়া উচিত ম্যাচ জেতা। আমি অধিনায়ক থাকলে সিরাজকে কোনও ভাবেই দল থেকে বাদ দিতাম না। গম্ভীর কেন এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা জানতে চাই।”
সিরাজের পরিবর্ত হিসাবে অংশুল কম্বোজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভ। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এক পেসারকে সরিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন কাউকে পরীক্ষা করার সময় এটি নয়। সৌরভের বক্তব্য, “হয়তো গম্ভীর বুঝে নিতে চাইছে, অংশুল এই পর্যায়ের ক্রিকেটে খেলার জন্য কতটা প্রস্তুত। কিন্তু এখন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় নয়।”
নিজের অধিনায়কত্বের একটি পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন সৌরভ। ২০০৩ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে অনিল কুম্বলে ও মুরলি কার্তিকের মধ্যে একজনকে বেছে নেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। কার্তিককে খেলানোর পরামর্শ পেলেও কুম্বলেকে দল থেকে বাদ দিতে চাননি তৎকালীন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্ত যে কতটা সঠিকছিল, তা প্রমাণ করে দেন কুম্বলে। সেই সিরিজে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।
দ্বিতীয় টেস্টেও চালকের আসনে নিউজিল্যান্ড। ভারতের বোলিং আক্রমণের নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত আলোচনায় এসেছে। সৌরভের মন্তব্যে সেই বিতর্কে আরও মাত্রা যোগ হল। এখন দেখার, গম্ভীরের দল আগামী ম্যাচগুলিতে বোলিং কম্বিনেশনে কোনও পরিবর্তন আনে কি না। এর মধ্যেই বিস্ফোরক সৌরভ।
শেয়ার
লিংক



