0%

সোভিয়েত আমলের পরে সর্বাধিক! ন্যাটোর বিরুদ্ধে দামামা বাজিয়ে প্রতিরক্ষা বাজেটে বিরাট বরাদ্দ পুতিনের

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে কয়েক বছর। ইউক্রেন যুদ্ধের দামামা বেজেই চলেছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝিয়ে দিলেন অদূর ভবিষ্যতেও যুদ্ধ থামানোর কোনও অভিপ্রায়ই নেই তাঁর। কেবল তাই নয়, তাঁর এই ঘোষণায় আসল ‘টার্গেট’ কিন্তু ন্যাটো। রাশিয়ার পার্লামেন্ট ২০২৭-২০২৯ সালের জন্য একটি রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। এই তিন বছরে জাতীয় প্রতিরক্ষার জন্য ৫০ ট্রিলিয়ন রুবলেরও বেশি (প্রায় ৬০৯ বিলিয়ন মার্কিন ডলার) অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতীয় অঙ্কে তা দাঁড়াচ্ছে ৫৬ লক্ষ কোটিরও বেশি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটাই রাশিয়ার সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ।

বলে রাখা ভালো, আগের বাজেট পরিকল্পনায় ২০২৬ সালের জন্য নির্ধারিত ১২.৯৩ ট্রিলিয়ন রুবলের (১৫৭.৪ বিলিয়ন মার্কিন ডলার) তুলনায় এবারের বরাদ্দ প্রায় ৩৩ শতাংশ বেশি। পরবর্তী দুই বছরে এই বরাদ্দের পরিমাণ কিছুটা কমলেও তা বর্তমান পর্যায়ের তুলনায় অনেক বেশি থাকবে।

আর প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু অসামরিক খাতে স্বাভাবিক ভাবেই বরাদ্দ কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। ‘দ্য মস্কো টাইমস’-এর তথ্য অনুযায়ী, আগের বাজেট পরিকল্পনায় ২০২৬ সালের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল, তার তুলনায় জাতীয় অর্থনীতিতে অর্থায়ন প্রায় ৩ শতাংশ কমবে। এছাড়া আবাসন ও উপযোগ পরিষেবা খাতে ব্যয় ৮ শতাংশ এবং স্বাস্থ্যসেবা খাতে অর্থায়ন ৩ শতাংশ কমানোর সম্ভাবনা রয়েছে। অন্যান্য খাতে খরচ কমিয়ে এভাবে প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধি যে যুদ্ধের আঁচ আরও বাড়ানোর দিকেই ইঙ্গিত করছে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। 

বলে রাখা ভালো, বিশ্বকে জ্বালানি তেল বিক্রি করা রাশিয়া নিজেই ভুগছে জ্বালানি সংকটে! শুনতে অবাক লাগলেও যুদ্ধের জেরে গুরুতর অবস্থা রাশিয়ার। পুতিন স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে ঘাটতি দেখা দিয়েছে পেট্রল-ডিজেলের। এহেন পরিস্থিতিতে যুদ্ধ আরও দীর্ঘকালীন হওয়ার অর্থ যে আরও সংকট তাও নিশ্চিত করেই বলা যায়। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker